হতাশার বৃত্তে চেলসি

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২০:১৮
দুর্দশা কাটছে না ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির। যতোই দিন গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের অবস্থান ততো নিচে নামতে শুরু করেছে। গত বুধবার ব্লুজরা নিজেদের মাঠে সাউদাম্পটনের সাথে ২-২ গোলে ড্র করে। এই ড্রয়ের ফলে দ্বিতীয় স্থানেই থাকলো চেলসি। তবে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সাথে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়ালো ছয়। শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট এখন ৫৫। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের প্রথমার্ধ জুড়েই ছিল স্বাগতিক দলের দাপট। প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় কোচ রাফায়েল বেনিতেজের দল। ম্যাচের ২৫ মিনিটে অস্কার লুইসের সহায়তায় গোল করেন সদ্য দলে যুক্ত হওয়া ডেম্বা বা। প্রথমার্ধের শেষভাগে গোল করেন ইডেন হ্যাজার্ড। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে এসে ২-০ গোলে পিছিয়ে থেকেও দারুণভাবে ম্যাচ নিজেদের আয়ত্তে নিয়ে আসে সাউদাম্পটন। ৫৮ মিনিটে ব্যবধান কমান রিকি ল্যাম্বার্ট। ৭৫ মিনিটে সমতা ফেরান জেসন পাঞ্চিয়ন। ম্যাচের বাকি সময় কেউই গোলের দেখা পায়নি। ফলে ২-২ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় চেলসিকে। ম্যাচ শেষে দুঃখ প্রকাশ করেন চেলসি অন্তর্বর্তীকালীন কোচ রাফায়েল বেনিতেজ। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের আরো ভালো খেলার সুযোগ ছিল। তবে দল আমাকে হতাশ করেছে। আমরা এমন একটা অবস্থায় ছিলাম যখন আমাদের আরো গোল করার সুযোগ ছিল। তবে সেটা আমরা সঠিকভাবে সমাধান করতে পারিনি।’ বাজে পারফরম্যান্সের জের ধরে সাবেক কোচ রবার্তো ডি ম্যাত্তিওকে বরখাস্ত করে চেলসি কর্তৃপক্ষ। তবে নতুন কোচের অধীনেও বলার মতো কোন সাফল্য নেই লন্ডনের ক্লাবটির। কোচ আরো বলেন, ‘প্রথমার্ধের পর বিরতির সময় আমি দলকে বলেছিলাম যে আমাদের আরো গোল করতে হবে। তবে সুযোগকে কাজে লাগাতে পারেনি খেলোয়াড়রা। ম্যাচের শেষ দশ মিনিট মাঠে ছিলেন স্প্যানিশ তারকা ফরোয়ার্ড ফার্নান্দো তোরেস। তবে মাঠে নামার সাথে সাথেই তাকে দর্শকদের তোপের মুখে পড়তে হয়। তবে বেনিতেজ তোরেসের পক্ষ নিয়ে বলেন, ‘তোরেস পেশাদার খেলোয়াড়। সে তার করণীয়র ব্যাপারে সচেতন। নিজের সেরাটা দেয়ার চেষ্টা তার মধ্যে সবসময়ই আছে।’ বেনিতেজ আরো বলেন, ‘যখন দলের দায়িত্ব নিয়েছিলাম তখন থেকে তাদের মধ্যে কিছুটা হলেও পরিবর্তন এসেছে। আমাদের রক্ষণভাগ আগের থেকে শক্তিশালী। তবে, কাউন্টার অ্যাটাকে যাওয়ার প্রবণতা দূর করতে হবে আমাদের।’ গতকালের ফল চেলসি ২ সাউদাম্পটন ২