বরিশালের গৌরনদীতে স্কুলছাত্র রানা দাসের পাচার মামলা দায়েরের চারদিন পরেও পুলিশ তার সন্ধান লাভ করতে না পারায় শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাচারকৃত রানাকে উদ্ধার ও পাচারকারীদের বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে তার সহপার্টি ও এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষ। পৌর এলাকার সুন্দরদী মহল¬ার ব্যবসায়ী কৃষ্ণ দাসের পুত্র ও উপজেলার টরকী বন্দর ভিক্টোরি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র রানা দাস রবিবার অপহূত হয়। সোমবার রাতে এ ঘটনায় রানার পিতা কৃষ্ণ দাস বাদী হয়ে কার্তিক ভক্ত (২৫), সুলতান শরীফ (৪৮) ও তার স্ত্রী হেনা বেগমকে (৪০) আসামি করে গৌরনদী থানায় একটি পাচার মামলা দায়ের করেন। গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, গ্রেপ্তারকৃত পাচার মামলার আসামি কার্তিক ভক্ত, সুলতান শরীফ ও তার স্ত্রী হেনা বেগমকে জিজ্ঞাসাবাদ করার জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। গতকাল বুধবার বিকেলে বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মোসাদ্দেক মিনহাজ প্রত্যেককে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
