দেশে ‘মিরেজ সেডান কার’ উত্পাদনে আগ্রহী মিটসুবিসি

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২১:০৬
বাংলাদেশের জাতীয় ব্রান্ড হিসেবে ‘মিরেজ সেডান কার উত্পাদনে আগ্রহ প্রকাশ করেছে জাপানের বিশ্বখ্যাত অটোমোবাইল কোম্পানি মিটসুবিসি মটরস কর্পোরেশন। প্রায় ১৫ লাখ টাকার মধ্যেই এ গাড়ি পাওয়া যাবে। প্রতিষ্ঠানটি সরকারি-বেসরকারি অংশীদারিত্বে বাংলাদেশে এ কার উত্পাদনের জন্য কারখানা স্থাপনে আগ্রহী। এ লক্ষ্যে তারা প্রাথমিকভাবে ৪শ কোটি টাকা বিনিয়োগ করবে। মিটসুবিসি মটরস কর্পোরেশনের এশিয়া ও আশিয়ান অঞ্চলের নির্বাহী কর্মকর্তা মাসিকো ইউকি গতকাল শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সাথে বৈঠককালে এ আগ্রহ প্রকাশ করেন। শিল্পমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে র্যাংগস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রোমো আর. চৌধুরী, মিটসুবিসি মটরস কর্পোরেশনের এশিয়া অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা তাটসুকাজু কিনোসিটা, বাংলাদেশি উদ্যোক্তা ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকে মাসিকো ইউকি বলেন, বাংলাদেশে মিরেজ সেডান কার উত্পাদন করা হলে তা নতুন কর্মসংস্থান ও মূল্য সংযোজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এর মাধ্যমে দেশে শক্তিশালী ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। এ কার জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। প্রতিটি কারের মূল্য ১৫ লাখ টাকার বেশি হবে না। এর মাধ্যমে প্রাথমিকভাবে প্রায় ২ হাজার লোকের কর্মসংস্থান হবে বলে তিনি জানান। বৈঠকে মিটসুবিসি কর্পোরেশনের পক্ষ থেকে স্থানীয় পর্যায়ে অটোমোবাইল উত্পাদন শিল্পের বিকাশে প্রচলিত কর কাঠামো পরিবর্তনের সুপারিশ করা হয়। বিশেষ করে, সিকেডি ও সিবিইউ গাড়ি আমদানির ক্ষেত্রে বিদ্যমান একই পরিমাণ ট্যাক্সের পরিবর্তে সিকেডির জন্য কর কমানোর পরামর্শ দেয়া হয়। এর ফলে স্থানীয় পর্যায়ে নতুন নতুন অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং শিল্প গড়ে উঠবে বলে মাসিকো ইউকি আশা প্রকাশ করেন।