ছাত্রী ধর্ষণের চেষ্টায় সিরাজগঞ্জের চৌহালীতে মাদ্রাসা সুপারকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এমনকি শুধু বরখাস্তই নয়, গণধোলাই ও নাকে খত দিয়ে মাথা ন্যাড়া করে তাকে এলাকা ছাড়া করা হয়েছে।
এলাকাবাসী জানায়, উপজেলার মুরাদপুর দাখিল মাদ্রাসার সুপার সাইফুল ইসলাম এ পর্যন্ত ৫-৬টি বিয়ে করেছেন এবং এজন্য তাকে মাঝে-মাঝেই নানা ঝামেলায় পড়তে হয়। গত ৪ দিন আগে পার্শ্ববর্তী দেউলী গ্রামের এক নিকটাত্মীয়ের বাড়িতে যান তিনি। এসময় কেউ না থাকার সুযোগে এ বাড়ির মেয়ে ও ঐ মাদ্রাসা থেকে দাখিল পাস করা ছাত্রীকে (১৬) জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে মাদ্রাসা সুপার। এ সময় মেয়েটির আর্তচিত্কারে এলাকার লোকজন ছুটে এসে তাকে গণধোলাই দিয়ে বেঁধে রাখে। এরপর তাকে নাকে খত এবং মাথা ন্যাড়া করে নানামুখি শাস্তি দেয় এলাকাবাসী। বিষয়টি জানতে পেরে ম্যানেজিং কমিটি গত বুধবার জরুরি বৈঠক ডেকে সাইফুল ইসলাম মুরাদীকে বহিষ্কার করে বলে জানিয়েছেন কমিটির সভাপতি আলহাজ্ব হজরত আলী মাস্টার। তিনি আরো জানান, ঘটনার পর সুপার গা-ডাকা দিয়েছে। বর্তমানে চৌহালী জুড়ে বিষয়টি আলোচিত। এ ব্যাপারে সাইফুল ইসলাম মুরাদীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
