আগামী ২৪ জানুয়ারির মধ্যে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) মাধ্যমে বন্ধ থাকা দাদা ম্যাচ চালুর দাবি জানিয়েছেন কারখানার শ্রমিক-কর্মচারিরা। গতকাল বুধবার খুলনা জেলা প্রশাসক মেজবাহউদ্দিনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে দেয়া এক স্মারকলিপিতে তারা এ দাবি জানান। স্মারকলিপিতে শ্রমিক নেতারা বলেন, ২০১০ সালের ১৮ আগস্ট শ্রমিক-কর্মচারিদের না জানিয়ে বকেয়া পাওনা রেখে ভাইয়া গ্রুপ ফ্যাক্টরিটি বন্ধ করে দেয়। দীর্ঘদিন কাজ ও বেতন-ভাতা না পেয়ে এ ফ্যাক্টরির সাড়ে ৭শ’ শ্রমিক পরিবার মানবেতর জীবনযাপন করছে। ইতিমধ্যে ৪০ শ্রমিক বিনা চিকিত্সায় মারা গেছে। প্রধানমন্ত্রী ২০১১ সালের ৫ মার্চ খুলনায় জনসভায় ফ্যাক্টরিটি বিসিআইসির মাধ্যমে চালুর ঘোষণা দিলেও তা আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে। সর্বশেষ ৩০ ডিসেম্বর শিল্প মন্ত্রণালয়ে এক সভায় ফের ফ্যাক্টরিটি চালুর প্রক্রিয়া শুরুর কথা থাকলেও হয়নি। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আব্দুর রহিম বক্স দুদ, মো. মনির আহমেদ, দিলখোশ মিয়া, এইচ এম শাহাদাত্, ফারুক-উল-ইসলাম, জিয়াউল ইসলাম, সাহিদুজ্জামান মনু, আব্দুর রব সরদার, আবু বক্কর সিদ্দিক, ইকবাল হোসেন, হুমায়ূন কবির, বেলাল হোসেন প্রমুখ।
