বরগুনায় জুয়েলার্স সমিতি মূল্য তালিকা মানছে না

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২১:০৮
বরগুনায় স্বর্ণ ব্যবসায়ীদের স্বেচ্ছাচারিতার কারণে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন এখানকার ক্রেতারা। ব্যবসায়ীরা জুয়েলার্স সমিতির মূল্য তালিকার তোয়াক্কা না করে ইচ্ছেমত উচ্চদামে স্বর্ণের অলংকার বিক্রি করছেন। জুয়েলার্স সমিতি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সমিতি নির্ধারিত ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৫৮,৩২০ টাকা এবং ২১ ক্যারেট স্বর্ণের দাম ছিল ৫৫,৭৫০ টাকা। কিন্তু বরগুনায় বিক্রি হচ্ছে ভরি প্রতি ১০০০ থেকে ১৫০০ টাকা বেশি দামে। অলঙ্কার তৈরির মজুরিতেও রয়েছে প্রচুর বৈষম্য। প্রতি ভরি স্বর্ণালঙ্কারের মজুরি কোথাও কোথাও নেয়া হয় ৪ হাজার টাকা। সেক্ষেত্রে ঢাকার আপন জুয়েলার্স ২৫০০ টাকা এবং আমিন জুয়েলার্স নিচ্ছে ৩ হাজার টাকা। ক্রেতারা এখানেও ঠকছে। ক্রেতাদের অভিযোগ, বরগুনার জুয়েলারী মালিকরা স্বর্ণের দাম কমলে পুরনো চার্ট দেখিয়ে বেশি দামে বিক্রি করেন, আর বাড়লে সমিতির দোহাই দিয়ে ঠিকই বাড়তি টাকাটা নিয়ে থাকেন। এব্যাপারে বরগুনা জুয়েলার্স সমিতির সাবেক সভাপতি সন্তোষ কুমার কর্মকার বলেন, অনেকদিন ধরে বরগুনায় স্বর্ণ ব্যবসায়ী সমিতি গঠন করা হয়নি। এডহক কমিটির আহবায়ক নরেন চন্দ কর্মকার কয়েকদিন আগে পদত্যাগ করেছেন। ফলে সমিতির কোন নিয়ন্ত্রণ নেই। এ ব্যাপারে কেন্দ ীয় জুয়েলারী সমিতি, ঢাকার সহ-অফিস সচিব মো. খালেদ জানান, প্রতিটি জেলা সমিতিকে দৈনন্দিন স্বর্ণের বাজারদর জানিয়ে দেয়া হয়। এরপরেও যে কেউ সমিতিকে ফোন করে সর্বশেষ দর জেনে নিতে পারে। শিগগিরই ওয়েব সাইট খোলা হচ্ছে বলে তিনি জানান।