একটি বেসরকারি সংগঠনের ব্যানারে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ভিজিডি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় এমপির সহধর্মিণী মিসেস শাহিনা রফিক। এতে বিভিন্ন মহলে ক্ষোভ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।
মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জন্য বরাদ্দকৃত ৮২৩টি ভিজিডি কার্ডের মধ্যে গত ১৫ জানুয়ারি উপজেলা হলরুমে ইনার হুইল ক্লাব অব ঢাকা ওয়েস্ট ডিস্ট্রিক্ট-৩২৮-এর আয়োজনে উপজেলার কলাকান্দা ও ফতেপুর পূর্ব ইউনিয়নের ১১০ জন দুস্থ ও অসহায় ব্যক্তির মাঝে কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কিন্তু সরকারি গুরুত্বপূর্ণ এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনে স্থানীয় সাংসদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান কিংবা উপজেলা নির্বাহী অফিসারকে বাদ দিয়ে একটি বেসরকারি সংগঠনের ব্যানারে এমপি পত্নীকে দিয়ে উদ্বোধন করানো হয়। এতে বিভিন্ন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
ভিজিডি কার্ড বেসরকারি সংস্থার মাধ্যমে বিতরণ কেন এমন প্রশ্নের জবাবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম বলেন, এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম; কিন্তু আমাকে উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছে বলেই কার্যক্রমটি বেসরকারি এই সংস্থার মাধ্যমে উদ্বোধন করলাম। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, এমপির কথায় তার সহধর্মিণী এই কার্যক্রমের উদ্বোধন করেন।
