নড়াইলের পল্লীতে জুয়েল মন্ডল (৩৮) নামে এক ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার ভোর রাতে নিহতের বাড়ির পাশে সরোয়ার মন্ডলের পুকুর পাড়ের একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ ও হাতে লেখা একটি চিরকূট উদ্ধার করেছে সদর থানা পুলিশ। নিহত জুয়েলের পা দড়ি দিয়ে বাঁধা ও গলায় চাঁদর পেঁচানো ছিল। নিহত জুয়েল মন্ডল সদর উপজেলার বাঁশগ্রামের আকছির মন্ডলের ছেলে। পরিবারের লোকজনের ধারণা জুয়েলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, নিহতের গলায় চাঁদর পেঁচানো ও পা দু’টি দড়ি দিয়ে বাঁধা ছিল এবং সেখানে হাতে লেখা একটি চিরকূট পাওয়া গেছে। চিরকূটে “আমরা তোমার পার্টনার শাহাবুদ্দিন, জাহাঙ্গীর আলম, রিপন, তারিক এদের ভাড়াটিয়া গুন্ডা” লেখা ছিল।
