লোডশেডিংয়ে বিপর্যস্ত কটিয়াদীর জনজীবন

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২১:০৯
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুতের লোড শেডিং-এর মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে। একদিকে শৈত্যপ্রবাহ, অন্যদিকে লোড শেডিং— ফলে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। এ অবস্থায় ছাত্রছাত্রীদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যুতের অভাবে সেচ দিতে না পারায় বোরো ধান রোপণ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কৃষকদের মাঝে সৃষ্টি হচ্ছে আশানুরূপ ফসল না পাওয়ার আশংকা। এ ব্যাপারে কটিয়াদী পল্লী বিদ্যুত্ সমিতির ডিজিএম মো. মনিরউদ্দিন মজুমদার জানান, সাবস্টেশনগুলো মেরামতের কাজ চলছে। কতদিন এ অবস্থা চলবে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছুই বলতে পারছি না। পল্লী বিদ্যুত্ সমিতির কিশোরগঞ্জ অঞ্চলের জিএম মো. আ. ওয়ারিদ জানান, রাত ১১টা থেকে সকাল ৮টা পর্যন্ত নিরবচ্ছিন্ন সরবরাহ থাকে। সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত ২ ঘন্টা অন্তর অন্তর ২ ঘন্টা করে লোড শেডিং থাকে। কিন্তু ২ ঘন্টার অধিক লোড শেডিং হচ্ছে এ প্রশ্ন করলে তিনি বলেন, এ বিষয়টি আমার জানা নেই।