জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, ভারতে মেডিক্যাল কলেজের ছাত্রী ধর্ষণ ও হত্যার পর বাংলাদেশে যেন ধর্ষণের হিড়িক পড়েছে। এর কারণ কঠোর আইনী ব্যবস্থার অভাব। তাই এ ক্ষেত্রে প্রশাসনকে কঠোর হতে হবে। গতকাল বুধবার বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক প্রচার কর্মসূচির এক সভায় তিনি এসব কথা বলেন।
ড. মিজানুর রহমান সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আমাদের হাতে আইনী ক্ষমতা নেই বলে অবহেলা করবেন না। কারণ আমাদের পেছনে জনগণের সমর্থন রয়েছে। সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারদের অনুপস্থিতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, জনগণের পয়সায় বেতন নিয়ে সেবা না দেয়া অন্যায়। তিনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, গত কয়েক বছরে এ সংখ্যা কমলেও তা নিরসন হয়নি। এটা চলতে পারে না।
বগুড়ার জেলা প্রশাসক সারোয়ার মাহমুদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের সচিব তাজুল ইসলাম চৌধুরী, পরিচালক আবু জাফর মো. খলিলুর রহমান, জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক প্রমুখ।
