ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের দুধসরা এলাকায় সিলভি জিনিং ফ্যাক্টরিতে আগুন লেগে বিপুল পরিমাণ তুলা ও অন্যান্য সামগ্রী ভস্মীভূত হয়েছে। আহত হয়েছে ৮ শ্রমিক। মালিক পক্ষ বলছে, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক সাড়ে ৪ কোটি টাকা হবে। আহত শ্রমিকদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিত্সা দেয়া হয়েছে। জিনিং ফ্যাক্টরির ম্যানেজার মেহেদী হাসান জানান,বুধবার রাত প্রায় ১১ টার দিকে একটি তুলার গুদামে আগুন ধরে। মুহূর্তের মধ্যে আগুন অন্য ৫টি তুলার গুদামে ছড়িয়ে পড়ে। কোটচাঁদপুর ফায়ার ব্রিগেড প্রথমে আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ঝিনাইদহ, শৈলকুপা, কালীগঞ্জ ও জীবননগর থেকে ফায়ার ব্রিগেড আসলে ৫টি ফায়ার ব্রিগেড ইউনিট প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
