মির্জাপুর-কালিয়াকৈর শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটের কারণে অর্ধশত শিল্প-কারখানায় উত্পাদন বন্ধ হয়ে গেছে। পেট্রো বাংলা ও তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লিঃ-এর কিছু সংখ্যক দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে রশি টানাটানি ও দুর্নীতির কারণে টাঙ্গাইলের মির্জাপুর এবং গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকট চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে গোড়াই কালিয়াকৈর শিল্পাঞ্চলে অর্ধশত কলকারখানায় উত্পাদন বন্ধ হয়ে যাওয়ায় এসব কারখানার সংগে জড়িত প্রায় ৫০ হাজার শ্রমিক কর্মচারী চাকরি হারানোর আতঙ্কে আন্দোলনে নামার হুমকি দিচ্ছে বলে বিভিন্ন মিল ও শ্রমিক সূত্র জানিয়েছে। গত বুধবার গোড়াই শিল্পাঞ্চলে গিয়ে দেখা গেছে অর্ধশত শিল্প-কারখানায় উত্পাদন বন্ধ।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগ থেকে জানা গেছে, মির্জাপুর উপজেলার গোড়াই-কালিয়াকৈরের চন্দ্রা পর্যন্ত গ্যাস সংকটের কারণে ছোট-বড় অর্ধশত মিল কারখানা বন্ধ হয়ে গেছে। এসব কারখানায় গ্যাস সংকটের কারণে উত্পাদন না হওয়ায় প্রতিদিন কোটি কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে বলে মালিকপক্ষ জানিয়েছে। একদিকে অর্ডার নিয়ে বিদেশিদের পণ্য দিতে না পারায় তারা মুখ ফিরিয়ে নিচ্ছে অপরদিকে ব্যাংক লোনে তারা জর্জরিত হয়ে পড়ছে বলে জানান।
বিভিন্ন মিল সূত্র জানায়, গ্যাস সংকট তীব্র আকার ধারণ করায় বিপাকে পড়েছে মিল মালিক ও কর্মকর্তা কর্মচারীরা। কালিয়াকৈর-মির্জাপুর শিল্পাঞ্চলের ক্ষুদ্র, মাঝারি ও ভারি শিল্পের ৩০জন কর্মকর্তা মিল রক্ষার জন্য কালিয়াকৈর-মির্জাপুর ইন্ডাস্ট্রিয়াল ফোরাম গঠন করেছেন। গত বুধবার ফোরামের পক্ষ থেকে দ্রুত গ্যাস সরবরাহের দাবিতে জরুরি সভার আয়োজন করা হয়।
কালিয়াকৈর-মির্জাপুর ইন্ডাস্ট্রিয়াল ফোরাম পেট্রোবাংলা, সংসদ সদস্য, জেলা প্রশাসক, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত আকারে অভিযোগ দিলেও রহস্যজনক কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্যাস সংকট নিরসনে কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
এ ব্যাপারে তিতাস গ্যাস টাঙ্গাইল অফিসের কর্মকর্তা প্রকৌশলী বরুণ রায় বলেন, মূল গ্রিডে গ্যাস না থাকা এবং উত্পাদন কম হওয়ায় শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ কমে গেছে। তিনি বলেন, গ্যাস সংকটের অন্যতম কারণ শীত মৌসুমে গ্যাস লাইনে ফ্লো কম থাকা, যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ করা এবং নতুনভাবে গ্যাস উত্পাদন না হওয়া। গরম মৌসুম শুরু হলে গ্যাসের সরবরাহ বাড়বে বলে তিনি জানিয়েছেন। ফোরামের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, অভিযোগ পাওয়ামাত্র পেট্রোবাংলাসহ বিভিন্ন মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
এদিকে পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, তিতাস গ্যাস কর্তৃপক্ষের গাফিলতির কারণে গোড়াই শিল্পাঞ্চলে সঠিক মাত্রায় গ্যাস সরবরাহ হচ্ছে না।
