বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তির দাবি, নেতা-কর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং হয়রানির প্রতিবাদে বিএনপি গতকাল বৃহস্পতিবার রংপুর বিভাগের ৮ জেলায় রাজপথ অবরোধ কর্মসূচি পালন করে। রংপুর মহানগরীর রংপুর-দিনাজপুর মহাসড়কের সিও বাজার এলাকায় গতকাল সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত রাজপথ অবরোধ কর্মসূচি চলাকালে পুলিশ তাদের বাধা দেয়। অবরোধ চলাকালে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু জানান, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের কারণে পূর্ব নির্ধারিত কর্মসূচি ভোর ৬টা থেকে দুপুর ২টার পরিবর্তে সকাল ১০টা পর্যন্ত করা হয়। অবরোধ কর্মসূচিতে সিও বাজারে এক সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক মোজাফফর হোসেন, বিএনপির প্রবীণ নেতা ফজলুর রহমান বাদল, বিএনপি নেতা শহিদুল ইসলাম মিজু, শামসুজ্জামান সামু, সুলতান আলম বুলবুলি প্রমুখ। বক্তারা বলেন, তাদের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে সরকার পুলিশ দিয়ে বাধার সৃষ্টি করছে।
অবরোধ কর্মসূচি চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে সিও বাজার এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। কোতয়ালী থানা জানায়, সড়ক অবরোধের নামে যানবাহন চলাচলে বাধা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি যাতে না হয় সেজন্য পুলিশ ব্যবস্থা নিয়েছিল।
