তদবির করার পরও কাজে দেরি হওয়ায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে গুলি করার হুমকি দিয়েছেন সরকারি দলের সংসদ সদস্য গিয়াস উদ্দিন আহমেদ। কিন্তু বিষয়টি অস্বীকার করেছেন গিয়াস উদ্দিন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীনের দপ্তরে এ ঘটনা ঘটে। মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ইউসুফ ও সচিবের কম্পিউটার অপারেটর মাইনুদ্দিন ভুঁইয়াকে গিয়াস উদ্দিন এ হুমকি দেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সকালে ময়মনসিংহ-১০ আসনের সরকার দলীয় সংসদ সদস্য গিয়াস উদ্দিন আহমেদ একটি ডিও লেটারের ফটোকপির জন্য মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ ভুঁইয়াকে বলেন। এরপর দুপুরে তিনি আবার মন্ত্রীর দপ্তরে আসেন। আফছারুল আমীনের সুপারিশ করা ডিও লেটার ফটোকপি করে দেয়ার জন্য বলেন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফকে। আবু ইউসুফ তাকে জানান, ‘এখানে ফটোকপি হবে না।’ পরে তিনি মন্ত্রীর পিএস-এর রুমে যান। সেখানে কম্পিউটার অপারেটরকে বলেন ফটোকপি দেয়ার জন্য। এ সময় ফটোকপি করতে দেরি হওয়ায় সাংসদ গিয়াস রেগে যান এবং কর্মকর্তাদের গালিগালাজ করেন।
