সাঈদীর মামলায় রাষ্ট্রপক্ষের পুনরায় যুক্তি উপস্থাপন শেষ

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২২:০৮
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় পুনরায় যুক্তি উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ। বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ পুনরায় যুক্তি উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ হায়দার আলী সাংবাদিকদের বলেন, আসামির বিরুদ্ধে আনা ১৯টি অভিযোগ প্রমাণিত হয়েছে। আমরা আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছি। আগামী রবিবার থেকে আসামিপক্ষ পুনরায় যুক্তি উপস্থাপন করবে। উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাঈদীর মামলার রায় যেকোনো দিন দেয়া হবে উল্লেখ করে মামলাটির রায় ঘোষণা অপেক্ষমাণ (সিএভি) রাখে ট্রাইব্যুনাল-১। পরে বেলজিয়াম প্রবাসী আইনজ্ঞ ড. আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এর সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের স্কাইপে কথোপকথনের খবর প্রকাশ হলে আসামিপক্ষ জামায়াতের সাবেক আমীর গোলাম আযম, বর্তমান আমীর মতিউর রহমান নিজামী ও সাঈদীর বিচার নতুন করে শুরুর আবেদন করে। গত ৩ জানুয়ারি তিনটি আবেদন খারিজ করে দেয় ট্রাইব্যুনাল-১। তবে নিজামুল হকের পদত্যাগের কারণে ট্রাইব্যুনাল-১ পুনর্গঠিত হওয়ায় সাঈদীর মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক পুনরায় উপস্থাপনের নির্দেশ দেয়া হয়। এদিকে গতকাল বৃহস্পতিবার জামায়াত নেতা আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষী চিত্তরঞ্জন সাহাকে (৮০) জেরা শেষ করেছে আসামিপক্ষ। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এ আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান তাকে জেরা করেন। জেরা শেষে মামলার কার্যক্রম আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে।