মেডিক্যাল বোর্ড গঠন

আগের চেহারা ফিরে পাবে না এসিডদগ্ধ আঁখি

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২২:০৮
এসিড সন্ত্রাসের শিকার ইডেন কলেজের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী শারমিন আখতার আঁখির সুচিকিত্সার জন্য গতকাল বৃহস্পতিবার মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। মেডিক্যাল বোর্ড জানিয়েছে, মেয়েটি এখনও আশঙ্কামুক্ত নয়, তার ডান চোখের কর্নিয়াও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসিডে ঝলসে যাওয়া ক্ষতের পরিমাণ বেশি হওয়ায় আঁখি আর আগের চেহারায় ফিরে যেতে পারবেন না। স্থানীয় বখাটে মনির উদ্দিনের সঙ্গে বিয়েতে রাজি না হওয়ায় গত মঙ্গলবার রাজধানীর চানখারপুল কাজী অফিসে মনির উদ্দিন ও তার সহযোগী মাসুম আঁঁখিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং জখমের পর তার মুখে এসিড নিক্ষেপ করেন। এদিকে এসিড নিক্ষেপকারী মনির উদ্দিন ও মাসুমকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) সূত্র জানায়, গতকাল বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেনকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। ডা. সামন্ত লাল সেন জানান, বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিত্সা শুরু হয়েছে। তবে এসিডে ঝলসে যাওয়া ক্ষতের পরিমাণ বেশি হওয়ায় মেয়েটি আর আগের চেহারায় ফিরে যেতে পারবেন না। এ ধরনের অবস্থাকে আমরা ‘ডিপ বার্ন’ বলে থাকি। তিনি আরো জানান, মেয়েটির সম্পূর্ণ সুস্থ হতে দেড় থেকে দু’মাস লাগতে পারে। আগামী সপ্তাহে আঁখির কয়েক ধরনের অস্ত্রোপচার করা হবে। গতকাল স্থানীয় এমপি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন এমপি আঁখিকে দেখতে ঢামেক হাসপাতালে আসেন। এসময় তিনি তার চিকিত্সার খোঁজ-খবর নেন। বুধবার বিকেলে ইডেন কলেজের সামনে আঁখির উপর এসিড নিক্ষেপের প্রতিবাদে এবং এর সঙ্গে জড়িতদের শিগগিরই গ্রেফতার করে ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে এসিড সারভাইবার্স ফাউন্ডেশন ও ইডেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা।