আলজেরিয়ায় ৩৪ জিম্মি ও ১৪ অপহরণকারী নিহত

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২২:২১
আলজেরিয়ায় মরুভূমির মধ্যে একটি প্রাকৃতিক গ্যাস কমপ্লেক্সে মুসলিম জঙ্গিরা বিদেশি কর্মীকে জিম্মি করার পর আলজেরিয়ার সেনাবাহিনী গতকাল বৃহস্পতিবার অভিযান চালায়। এসময় ৩৪ জন জিম্মি ও ১৪ জন অপহরণকারী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। জঙ্গিদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয়। তবে সরকারিভাবে তা নিশ্চিত করা হয়নি। তবে কয়েকজন জিম্মি পালিয়ে যেতে সক্ষম হন। খবর বিবিসির। আগের দিন রাতে ভারী অস্ত্রে সজ্জিত জঙ্গিদের সাথে সেনাবাহিনীর লড়াই হয়েছে। জঙ্গিরা জানিয়েছিল, তারা ৪১ জনকে জিম্মি করেছে। কিন্তু সরকারি কর্মকর্তারা বলেছেন, আসলে জিম্মির সংখ্যা কম। গত বুধবার আমেনাস নামে একটি জায়গায় অপহরণকারীরা বিমানবন্দরগামী একটি বাসে আক্রমণ চালিয়ে একজন ব্রিটিশ ও একজন আলজেরিয়ানকে হত্যা করে। এরপর তারা ওই গ্যাসক্ষেত্রের ভেতরে ঢুকে ৪১ জন বিদেশিকে জিম্মি করে। যার মধ্যে ব্রিটিশ, মার্কিন, ফরাসি, নরওয়েইজিয়ান এবং জাপানি নাগরিক রয়েছে। অপহরণকারীদেরই পাঠানো একটি বিবৃতিতে দাবি করা হয়, জিম্মিদের ছাড়িয়ে নিতে হলে মালিতে ফরাসি সামরিক অভিযান বন্ধ করতে হবে।