তরুণরা আগামীর নয়, আজকের নেতা :মজীনা

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২২:২১
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, তরুণ সমাজ আগামীর নয়, আজকের নেতা। তরুণ সমাজ ইতিমধ্যে সিভিল সোসাইটি, এনজিও, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষাসহ সবক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। তারা বাংলাদেশকে আরো এগিয়ে যেতে কার্যকর ভূমিকা রাখছে। তাদের নেতৃত্বে গুণাবলী ও দক্ষতা রয়েছে। গতকাল বৃহস্পতিবার ইউএসএ আইডি’র নেতৃত্ব উন্নয়ন কর্মসূচির উদ্বোধনকালে একথা বলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার ও মার্কিন রাষ্ট্রদূত যৌথভাবে কর্মসূচি উদ্বোধন করেন। রাজধানীর ধানমন্ডিতে এডওয়ার্ড এম কেনেডি সেন্টারে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। নতুন চালু হওয়া পাঁচ বছর মেয়াদি নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি দারিদ্র্য দূরীকরণ, চাকরি সৃষ্টি ও পরিবেশ রক্ষায় ১৬টি জেলায় প্রায় ২৪ হাজার গোষ্ঠী নেতা ও বাংলাদেশি তরুণদের গড়ে তুলবেন। রাষ্ট্রদূত মজীনা এ প্রসঙ্গে বলেন, নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি তরুণদের নেতৃত্বের দক্ষতা উন্নয়নে সহায়তা করবে, সমাজে তারা পরিবর্তন নিয়ে আসবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রসার ঘটাবে।