দিল্লির গণধর্ষণ মামলা দ্রুত বিচার আদালতে

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২২:২২
ভারতের রাজধানী দিল্লির তরুণী ধর্ষণ ও হত্যা মামলাটি দ্রুত বিচার আদালতে স্থানান্তর করা হয়েছে। এ মামলার ছয় আসামির মধ্যে পাঁচ আসামির বিচার চলছে। দোষী প্রমাণিত হলে এই পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। মামলার ৬ষ্ঠ আসামির বয়স ১৮ বছরের কম হওয়ায় আলাদাভাবে তার বিচার হবে কিশোর আদালতে। খবর রয়টার্সের। গত ১৬ ডিসেম্বর প্যারামেডিক্যালের ওই ছাত্রীকে ধর্ষণ ও তার ছেলে বন্ধুসহ তাকে মারধরের পর বাস থেকে ফেলে মারার চেষ্টা করে ওই আসামিরা। দুই সপ্তাহ পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যায় ২৩ বছরের ওই তরুণী। এ ঘটনায় দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। এরপর সব ধর্ষণ মামলা দ্রুত বিচার আদালতে পরিচালনার প্রতিশ্রুতি দেয় সরকার। এছাড়া নারীদের নিরাপত্তা প্রদান ও ধর্ষণকারীদের ?বিরুদ্ধে পুলিশ প্রায়ই মামলা দায়েরে ব্যর্থতার অভিযোগ তুলে পুলিশ প্রশাসনের পুনর্গঠন দাবি করেছে বিক্ষোভকারীরা।