মির্জাপুরে আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার খুন

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২২:২৫
আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের একজন ম্যানেজার গৌয়ুর চন্দ্র বাকালী (৪৫) খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এ খুনের ঘটনা ঘটে। তিনি আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক মির্জাপুর শাখার ম্যানেজার ছিলেন বলে তার পরিবার জানিয়েছে। গৌয়ুর চন্দ্র বাকালীর শ্যালক দিলীপ বাকালী জানান, তার পিতার নাম মদন গোপাল বাকালী। গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার সলিমাবাদ গ্রামে। তার স্ত্রীর নাম সুবর্ণা বাকালী । তিনি সাটুরিয়া উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকা। মির্জাপুর আনসার ও ভিডিপি ব্যাংক সূত্র জানায়, গতকাল ভোরে তিনি মোটর সাইকেলযোগে অফিস থেকে বের হয়ে যান। বেলা সাড়ে এগারটা পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। দুপুর একটার দিকে তার ফোন নম্বর থেকে ফোন আসে গৌয়ুর চন্দ্র বাকালী নামের এক ব্যক্তির লাশ সিরাজগঞ্জ জেলার ঝাউয়াইল চানপুর রেলওয়ে স্টেশনের পাশে পড়ে আছে। ফোন পেয়ে তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ শনাক্ত করে। তার পরিবারের ধারণা অপহরণকারীরা তাকে তুলে নিয়ে খুন করার পর লাশ ফেলে রেখে গেছে। কিন্তু কি কারণে তাকে খুন করা হয়েছে এ বিষয়ে তারা কিছু বলতে পারছে না। এ ব্যাপারে সিরাজগঞ্জ থানায় মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।