ভালদেসও কি বায়ার্নেই?

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ২০:৩৪
বার্সেলোনা গোলরক্ষক ভিক্টর ভালদেস ক্লাবের সাথে নতুন চুক্তি করতে রাজি হচ্ছেন না। তাই অনেকেই ভাবছেন স্প্যানিশ জায়ান্টদের সাবেক কোচ পেপ গার্দিওলার পথ ধরে তিনিও হয়তো বায়ার্ন মিউনিখেই যাচ্ছেন। যদিও কাতালান ক্লাবটির সাথে আগামী ২০১৪ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ রয়েছেন ভালদেস। ভালদেস ক্যারিয়ারের পুরোটা সময় নু ক্যাম্পে কাটালেও এখন একরকম মনস্থির করেই ফেলেছেন ক্লাব ছাড়ার ব্যাপারে। তার প্রতিনিধিও নিশ্চিত করেছেন ব্যাপারটা। স্পেনের জাতীয় সংবাদ সংস্থা ইএফই-কে দেয়া এক বিবৃতিতে তিনি জানিয়েছেন ভালদেসের নতুন ক্লাবে ঠিকানা গড়ার সুপ্ত ইচ্ছার কথা। বিবৃতিতে বলা হয়েছে, ‘ভিক্টর ভালদেসের প্রতিনিধিরা বার্সেলোনা কর্তৃপক্ষের সাথে আজ (বৃহস্পতিবার) বিকেলে একটি বৈঠকে মিলিত হয়েছেন। তারা কর্তৃপক্ষকে জানিয়েছেন ভালদেসের ক্লাবের সাথে নতুন চুক্তি না করার সিদ্ধান্তের কোন পরিবর্তন হবে না।’ কয়েকদিন আগেই এই ৩০ বছর বয়সী গোলরক্ষক জানান, অন্য কোন লিগে নিজের ক্যারিয়ার গড়ার কথা ভাবছেন তিনি। ফুটবল থেকে এক বছরের স্বেচ্ছা নির্বাসন নেয়া গার্দিওলা আগামী মৌসুম থেকে বুন্দেসলিগা জায়ান্ট বায়ার্ন মিউনিখের দায়িত্ব নিতে যাচ্ছেন। গেল সপ্তাহে এ ব্যাপারে চুক্তিও সেরে ফেলেন বার্সেলোনার কিংবদন্তী কোচ পেপ গার্দিওলা। বায়ার্ন সভাপতি কার্ল হেইঞ্জ রুমেনিগে জানিয়েছেন, বর্তমানে নিউইয়র্কে অবস্থানরত কোচটি সেখানে জার্মান ভাষা রপ্ত করছেন। বুন্দেসলিগায় এলে স্বভাবতই প্রথম টার্গেট হতে পারেন এই গোলরক্ষক। গত এক দশক ধরেই কাতালানদের গোলবার আগলে রাখা ভালদেস ক্লাবের হয়ে জিতেছেন সম্ভাব্য সবকটা ট্রফি।