অবৈধ দখল আর পলি পড়ে মৃতপ্রায় বরগুনার ভারানি খাল

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ২০:৪৯
অবৈধ দখল আর পলি পড়ার কারণে মরা খালে পরিণত হয়েছে বরগুনা শহরসংলগ্ন ভারানি খালটি। পানি দূষিত হয়ে যাওয়ায় কোন কাজেই তা লাগছে না পৌরবাসীর। অন্যদিকে সাগর থেকে উঠে আসা পলিতে ভরাট হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে নৌ-যোগাযোগ এবং সেচ ব্যবস্থা। বরগুনা জেলা শহরের মধ্যদিয়ে প্রবাহিত হয়ে ১০ কিলোমিটার দক্ষিণে পায়রা নদীতে গিয়ে মিশেছে এ খালটি। এটিই বিষখালী ও পায়রার (বুড়িশ্বর) মধ্যে সংযোগ রক্ষাকারী একমাত্র খাল। এটি দিয়ে একসময় যাত্রীবাহী ছোট লঞ্চ, পণ্যবাহী ছোট বড় নৌকা চলাচল করত। বরগুনা জেলা শহর থেকে নৌপথে আমতলী ও তালতলী উপজেলা শহরে স্বল্প সময়ে পৌঁছার জন্য এ ভারানি খালটির কোন বিকল্প খাল নেই। কিন্তু খালের দু’পাড়ে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় এটি ধীরে ধীরে সংকীর্ণ হয়ে গেছে। অবৈধ দখল সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) তরফদার সোহেল রহমান জানান, কয়েকবার অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে, কিন্তু তারা আবার পুনরায় সে জায়গা দখল করে নিয়েছে।