ময়মনসিংহের ভালুকা ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পৃথক ডাকাতির ঘটনায় লাখ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে।
ভালুকা সংবাদদাতা জানান, উপজেলার চানপুর ও জামিরদিয়া গ্রামে পৃথক দুটি ডাকাতির ঘটনায় ৯ লাখ টাকার মাল লুট হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার চানপুর গ্রামের হাসমত আলীর বাড়িতে ২০/২৫ জনের একটি সশস্ত্র ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা, স্বর্ণালংকার ও একটি মোরট সাইকেলসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। অপরদিকে বুধবার রাতে জামিরদিয়া গ্রামের আবদুল বাতেন সরকারের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতদল ওই বাড়ি থেকে নগদ ৫ হাজার টাকা, ২শ ৫০ বৃটিশ পাউন্ডসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এদিকে নাসিরনগর সংবাদদাতা জানান, নাসিরনগর-ছাতিয়াইন সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ২/৩টি সিএনজি, একটি মাইক্রো ও প্রাইভেটকার আটক করে যাত্রীদের নগদ টাকা ও মোবাইল ফোন সেটসহ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিলেও জনৈক পীরজাদার মালামাল ফেরত দেয়।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে উপজেলার ফান্দাউক-আতুকুড়া এলাকার মধ্যবর্তী স্থানে। ডাকাতির শিকার যাত্রীরা জানান, রাতে ৮/১০ জনের একদল ডাকাত রাস্তায় ব্যারিকেড দিয়ে ২/৩টি সিএনজি, ১টি মাইক্রো ও ১টি প্রাইভেটকার আটকিয়ে যাত্রীদের মারধর করে তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন সেটসহ অন্যান্য মালামাল নিয়ে এ সময় পালিয়ে যায়। ডাকাতির কবলে পড়েন উপজেলার ফান্দাউক দরবার শরীফের পীরজাদা সৈয়দ মইনউদ্দিন আহমেদ। পরে তিনি পরিচয় দিলে ডাকাতরা তার কাছ থেকে লুটে নেয়া টাকাসহ অন্যান্য মালামাল ফেরত দেয়।
