জামালপুর রেলের কোটি টাকার শতবর্ষী পুকুর বেদখল

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ২০:৫৭
জামালপুরের নান্দিনা রেল স্টেশন সংলগ্ন রেলওয়ের কোটি টাকার মূল্যের শতবর্ষী বিশাল একটি পুকুর দিন-দুপুরে বালি ভরাট করা হলেও স্থানীয় রেল প্রশাসন নীরব। জানা গেছে, নান্দিনা রেল স্টেশন মসজিদ সংলগ্ন কোটি টাকা মূল্যের পুকুরটি কোন প্রকার লিজ ছাড়াই স্থানীয় এক ইউপি সদস্য তার প্রভাব খাটিয়ে দখল করার প্রক্রিয়া শুরু করেছেন। বিগত দিনে ওই এলাকায় রেলওয়ের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে সরকারি জমিতে অবৈধভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনা গড়ে তোলা হয়। বর্তমানে একই কায়দায় কোটি টাকার পুকুরটি দখলের পাঁয়তারা চলছে। নান্দিনা রেল স্টেশন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন ফকির জানান, রেলওয়ের ওই পুকুরটি দীর্ঘদিন যাবত্ মসজিদ কমিটি মাছ চাষ করে কিছু অর্থ পেয়ে আসছিল। ওই এলাকায় ওবায়দুল হক পাপ্পু,তারিকুল ইসলাম ও এনামুল হক রবিন ক্ষোভের সাথে বলেন, প্রতিদিন স্যালো ইঞ্জিনচালিত ড্রেজার মেশিনে বালি উত্তোলন করে পুকুরটি ভরাট করে দখল কার্যক্রম শুরু হয়েছে। অথচ রেলওয়ের কোটি টাকার সম্পদ বেদখল হলেও স্থানীয় রেল প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এ ব্যাপারে নান্দিনা রেল স্টেশন মাস্টার আলী মোর্তুজা জানান, গত রবিবার থেকে এলাকার প্রভাবশালীরা রেলওয়ের কোটি টাকা পুকুরে বালু ফেলে দখল করে নিচ্ছেন। তিনি আরো জানান, রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাঠিয়েছেন। অপরদিকে জামালপুর জিআরপি থানার ওসি উসমান গনির কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রেল কর্তৃপক্ষ আমার কাছে এ সংক্রান্ত কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে জামালপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পূর্ত) আতিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।