ময়মনসিংহের নান্দাইল উপজেলার বারইগ্রাম এলাকায় হাওয়া বেগম নামে নববধূ সাবেক স্বামীর বাড়িতে স্ত্রীর দাবি নিয়ে দুইদিন ধরে অবস্থানের পর বিষপানে আত্মহত্যার হুমকি দিয়েছে। খবর পেয়ে বুধবার পুলিশ ঘটনাস্থল গিয়ে ওই নারী ও তার সাবেক স্বামী রুহুল আমিনকে আটক করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হাওয়া বেগমের (৩২) সাথে প্রায় ৮ বছর আগে একই উপজেলার বারইগ্রাম গ্রামের নিয়াজ আলীর ছেলে রুহুল আমিনের (৩৮) বিয়ে হয়। এরমধ্যে এ দম্পতির এক কন্যা ও ছেলের জন্ম হয়। চার মাস আগে স্বামী রুহুল আমিন স্ত্রী হাওয়া বেগমকে তালাক দেন। পরে অরন্যপাশা এলাকার জনৈক কামরুল ইসলামের সাথে হাওয়া বেগমের আবার বিয়ে হয়। এদিকে রুহুল আমিনও রসুলপুর গ্রামে দ্বিতীয় বিয়ে করেন। এরমধ্যে ওই স্বামীর ঘরে সংসার করা অবস্থায় রুহুল আমিন হাওয়া বেগমের সাথে যোগাযোগ করে নতুন করে সম্পর্ক স্থাপন করে । এ পর্যায়ে হাওয়া বেগম দ্বিতীয় স্বামী কামরুল ইসলামকে ত্যাগ করে রুহুল আমিনের বাড়িতে এসে অবস্থান নেন।
কীটনাশকের বোতল হাতে রুহুল আমিনের বাড়িতে অবস্থান নেয়া হাওয়া বেগম জানান, রুহুল আমিন তাকে নান্দাইল রোড এলাকার জনৈক মঞ্জুরুল হুজুর দিয়ে মৌখিকভাবে বিয়ে করেন। ইতিমধ্যে সে রুহুলকে ১৯ হাজার টাকাও দিয়েছেন। এখন স্ত্রীর মর্যাদা না দিলে দুই সন্তানসহ কীটনাশক খেয়ে আত্মহত্যার হুমকি দেন তিনি।
পুলিশ ও উপস্থিত লোকজনের সামনে টাকা গ্রহণের বিষয়টি স্বীকার করে জানান, তিনি হাওয়া বেগমকে বিয়ে করেননি। হাওয়া জোর করে তার বাড়িতে উঠে পড়েছে।
