মধুখালীতে ছাত্রদলের মানববন্ধন
মধুখালী(ফরিদপুর)সংবাদদাতা \ মধুখালীতে বৃহস্পতিবার ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকায় ১২টা পর্যন্ত ফরিদপুর জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি বেনজির আহম্মেদ তাবরীজসহ সকল কারাবন্দি নেতার মুক্তির দাবিতে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল। ছাত্রদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী।
নেত্রকোনায় প্রতিবন্ধী অধিকার সনদ বিষয়ক কর্মশালা
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনার বেসরকারি সংগঠন স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে প্রতিবন্ধীদের অধিকার সনদ বিষয়ক কর্মশালা গতকাল শুক্রবার নেত্রকোনা সদর উপজেলার ৪নং সিংহের বাংলা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন আব্দুল লতিফ মোতাহার।
কয়রায় স্কাউট লিডার কোর্স
কয়রা (খুলনা)সংবাদদাতা \ বাংলাদেশ স্কাউটস কয়রা উপজেলা শাখার আয়োজনে ৫ দিনব্যাপী স্কাউট লিডার বেসিক কোর্স আমাদী জায়গীরমহল তকিমুদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ে এবং এস ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়। স্কাউট লিডার হিসাবে মাধ্যমিক বিদ্যালয়ের ও মাদ্রাসা থেকে ৪০ জন এবং প্রাথমিক বিদ্যালয় থেকে ৪২ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।
বেলকুচিতে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সিরাজগঞ্জের বেলকুচিতে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতদের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে চিকিত্সকেরা জানিয়েছে। শুক্রবার উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক সমাবেশ
ঠাকুরগাঁও প্রতিনিধি \ যুদ্ধাপরাধীদের দ্রুতবিচার দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল শুক্রবার শহরের সমবায় মার্কেট চত্বরে এই কর্মসূচি পালন করে উদীচী ঠাকুরগাঁও সংসদ।
মধুখালীতে কৃষক দলের কর্মীসভা
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালী উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের কর্মীসভা মধুখালী পৌরসভা ভবন চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুস ছালাম বিশ্বাসের সভাপতিত্বে কর্মীসভায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলাম।
নোয়াখালীতে মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধি \ দেশব্যাপী শিশু ও নারী ধর্ষণ এবং নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে গতকাল শুক্রবার জেলা শহর মাইজদীতে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও শিশু-কিশোর মেলা মানববন্ধন করে। টাউন হল চত্বরে মানববন্ধন চলাকালীন সময়ে আ,ন,ম, জাহেরউদ্দিন, বিটুল তালুকদার, তাজরিন নাহার তিথি, মুক্ত ইসলাম,জসিমউদ্দিন, মিনহাজ আহম্মেদ ও রাহাত প্রমুখ বক্তব্য রাখেন।
গোদাগাড়ীতে চাকরির নিবন্ধন সম্পন্ন
গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা \ রাজশাহীর গোদাগাড়ীতে ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সরকারিভাবে মালয়েশিয়া চাকরির নিবন্ধন গতকাল শুক্রবার শেষ হয়েছে। ইউনিয়ন পরিষদগুলোর তথ্য সেবা কেন্দ্রে আবেদনকারীরদের ভিড় লক্ষ্য করা গেছে। গোদাগাড়ী উপজেলায় ৯টি ইউনিয়ন ২টি পৌরসভায় ৩ দিনে ৩ হাজার ৮ শ’ ৮১ জন নিবন্ধন করেছে।
পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন
পীরগঞ্জ (ঠাকুরগাঁও)সংবাদদাতা \ পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ১৭ জানুয়ারি প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ইত্তেফাক সংবাদদাতা মোঃ মেহের এলাহী, সাধারণ সম্পাদক পদে আমার দেশ ও করতোয়া প্রতিনিধি জয়নাল আবেদীন বাবুল নির্বাচিত হয়েছেন।
আদিতমারীতে আরডিআরএস-এর চক্ষু শিবির
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগ (সংযোগ) প্রকল্পের আওতায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে আরডিআরএস বাংলাদেশ-এর পরিচালনায় দিনব্যাপী চক্ষু শিবির গতকাল শুক্রবার লালমনিরহাটের আদিতমারী উপজেলার আরডিআরএস শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়া গ্যাসফিল্ডের প্রধান কার্যালয়ের সাবেক সিবিএ নেতা নূর আলমকে মারধর করায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার তিতাস গ্যাসফিল্ডের ১ নং লোকেশনের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি লোকেশনের অভ্যন্তরে সড়ক প্রদক্ষিণ শেষে গোলচত্বরে প্রতিবাদ সমাবেশ করে।
ফেন্সিডিলসহ গ্রেফতার ১
কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতা \ নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশ দুই বোতল ফেন্সিডিলসহ ১৭ জানুয়ারি উপজেলা জামায়াত অফিসের সামনে থেকে একব্যক্তিকে গ্রেফতার করেছে। বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের মৃত তফরউদ্দিনের পুত্র মিজানুর রহমান ফেন্সিডিল নিয়ে ভ্যান যোগে কিশোরগঞ্জ বাজারের দিকে আসার সময় পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।
নেত্রকোনা শহরে শোভযাত্রা
নেত্রকোনা প্রতিনিধি \ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহকে সরকারিকরণ করায় নেত্রকোনা সদর উপজেলায় সরকারি হওয়া সকল বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে বৃহস্পতিবার আনন্দ মিছিল হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু, উপজেলা পরিষদ চেয়ারম্যান তফসিরউদ্দিন খান, পৌর মেয়র প্রশান্ত রায়, ইউএনও জাকিয়া পারভিন এবং শিক্ষক নেতা মোহাম্মদ ইকবাল হোসেন।
শিক্ষক-কর্মচারীর বিক্ষোভ
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ ঐতিহ্যবাহী শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজ অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদারসহ ৪ শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ মানিকগঞ্জ জেলা কমিটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
মধুপুরে বিএডিসি’র বীজতলা
গোপালপুর(টাঙ্গাইল)সংবাদদাতা \ মধুপুর বিএডিসি ফার্ম এবার উন্নতমানের বীজ উত্পাদনের জন্য নিজস্ব খামারে দু’শ’ একর এবং কৃষক পর্যায়ে একশ’ একরে হাইব্রিড বোরো আবাদের উদ্যোগ নিয়েছে। এ জন্য খামারে সাড়ে সাত একর হাইব্রিড বীজতলা তৈরি করেছে। ফার্মের তত্ত্বাবধায়ক শহীদুল ইসলাম জানান, হাইব্রিড জাতের বীজ খুব স্পর্শকাতর।
