‘গণতন্ত্রে উত্তোরণের জন্য যেসব উপাদানের প্রয়োজন তার কোনটি আমাদের ছিল না। বহু প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলাদেশ সম্ভবনাময় দেশ হিসাবে পৃথিবীতে আজ স্বীকৃত’। গতকাল শুক্রবার ঝিনাইদহ ক্যাডেট কলেজের সুবর্ণ জয়ন্তি ও ঝিনাইদহ এক্স ক্যাডেট এসোসিয়েশনের ১১তম পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন।
কলেজ মাঠে বর্ণাঢ্য অয়োজনের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন পর্বের সভাপতিত্ব করেন পুনর্মিলনী অনুষ্ঠানের চেয়ারম্যান সৈয়দ সাজ্জাদ হায়াত্। বিশেষ অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও মত্স্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই।
অর্থমন্ত্রী বলেন, দেশ নিয়ে আমার মনে কোন হতাশা নেই। আমাদের দেশের জনগণ শুধু স্বপ্নই দেখে না, তারা অসম্ভবকে সম্ভব করেছেন। ৮ বছর পর ২০২১ সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উদযাপন করবো। আর সে লক্ষ্য অর্জনের পথে দেশ এগিয়ে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সবাইকে মন্ত্রী বা এমপি হতে হয় না। দেশপ্রেমিক হতে হয়। দেশপ্রেম না থাকলে দেশ রসাতলে যায়। তিনি বলেন, এ উপমহাদেশ ৩টি বোমার উপর দাঁড়িয়ে আছে। তা হচ্ছে দারিদ্র্যতা, সামপ্রদায়িকতা ও আনবিক বোমা। আমরা বাঁশের লাঠি নিয়ে পাকিস্তানি সেনাদের সাথে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। তবে আজও উপনিবেশিকতা, সামরিকতন্ত্র ও সামপ্রদায়িকতার ছাপ থেকে মুক্ত হতে পারিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ লেঃ কর্নেল বেনজির আহমেদ, জেসকার সাধারণ সম্পাদক ডঃ এস এম মাহবুবুর রহমান, এবি ব্যাংকের চেয়ারম্যান ওয়াহেদুল হক প্রমুখ। অনুষ্ঠানে কলেজের প্রাক্তন ও বর্তমান ক্যাডেট ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
