পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাটের উত্তর পাড়ে গত বৃহস্পতিবার দিনগত শেষরাতে গ্যাংওয়ের বেইলি ব্রিজটি ভেঙে পড়ায় পটুয়াখালীর সাথে সারাদেশের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে আটকেপড়া যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিনগত রাত ৪টার দিকে বিদ্যুতের খাম্বা বোঝাই একটি ট্রাক লেবুখালী ফেরিঘাটের উত্তর পাড় থেকে ফেরিতে ওঠার সময় ফেরি ঘাটের গ্যাওয়ের বেইলি ব্রিজ ভেঙে পড়ে। পটুয়াখালী-কুয়াকাটা সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাত্রীরা কেউ কেউ পায়রা নদ ট্রলার যোগে পার হলেও কুয়াকাটা, আমতলী, বাউফল, গলাচিপা, কলাপাড়া ও বরগুনা থেকে বরিশালগামী অ্যাম্বুলেন্সগুলোর রোগীরা লেবুখালী থেকে ফিরে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি হয়েছে। ফেরিঘাটের গ্যাংওয়ের বেইলি ব্রিজটি ভেঙে পড়ায় পটুয়াখালীর সাথে সারাদেশের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
লেবুখালী ফেরির দায়িত্বরত সুপারভাইজার আবদুল কুদ্দুস জানান, অতিরিক্ত বোঝাই ট্রাক ফেরিতে উঠতে গিয়ে ফেরিঘাটের বেইলি ব্রিজটি ভেঙে পড়েছে। এতে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নদীর দুই পারে শত শত যানবাহন আটকা পড়েছে।
পটুয়াখালী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী কমলেন্দু মজুমদার বলেন, ‘বরিশাল থেকে লোকবল ও যন্ত্রপাতি আনা হয়েছে। দ্রুত গতিতে বেইলি ব্রিজটি মেরামতের কাজ চলছে। দুমকী থানায় মামলা করা হয়েছে। ট্রাকটি পুলিশের হেফাজতে আছে।’
এ দিকে দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাব্বির আহম্মদ ফেরিঘাটের বেইলি ব্রিজটি মেরামত না হওয়া পর্যন্ত সারাদেশের সঙ্গে স্থানীয় পরিবহন যেগাযোগের বিকল্প ব্যবস্থা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানিয়েছেন।
