একদিকে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জয় দিয়েই শুরু করল গতবারের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস। কিন্তু সেই ধারাটা ধরে রাখতে পারল না গতবারের রানার্সআপ বরিশাল বার্নার্স। ঢাকা ৬২ রানে খুলনা রয়্যাল বেঙ্গলের বিপক্ষে জয় পেল। আর বরিশালকে ৩৩ রানে হারিয়ে শুভসূচনা করল গতবারের তলানির দিকে থাকা দল সিলেট রয়্যালস।
গতকাল দিনের প্রথম ম্যাচে ঢাকা গ্ল্যাডিয়েটরস ৬২ রানে হারিয়েছে খুলনা রয়েল বেঙ্গলসকে। পাকিস্তানি বংশোদ্ভূত ইংল্যান্ডের ওয়াইজ শাহ’র ৮৪, এনামুল হক বিজয়ের ৫০ রানে ঢাকা ২০৪ রান তোলে। জবাবে মোশাররফ হোসেন রুবেলের স্পিনে (৪/৯) খুলনা ১৪২ রান তুলতে সক্ষম হয়।
দিনের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানি ক্রিকেটার না থাকায় গতবারের রানার্সআপ বরিশাল টুর্নামেন্টের শুরুতে ব্যাকফুটে চলে যায়। সাঈদ আজমল, উমর গুল, হাম্মাদ আজম ও কামরান আকমলকে নিয়ে শক্তিশালী দল গড়লেও পাকিস্তানিরা না থাকায় দলের ভারসাম্য নষ্ট হয়ে যায়। সিলেটের ১৭৫ রানও তখন তাদের কাছে অনেক দূরের মনে হয়েছে। ইংল্যান্ডের কবির আলির দ্রুত ফিফটি (২০ বল) ছাড়া বাকি ব্যাটসম্যানরা সোহরাওয়ার্দী শুভ’র কাছে পরাস্ত হয়েছেন। ইংল্যান্ডের ফিল মাষ্টার্ড (২২) ও মাহমুদুল (২০) ছাড়া কেউই দাঁড়াতে পারেননি। ১৪২ রানে থামে বরিশালের ইনিংস।
টসে হেরে ব্যাট করতে নেমে সিলেটের পল ষ্টারলিং ও মোমিনুল হক দলকে প্রয়োজনীয় সংগ্রহ এনে দিয়েছেন। ষ্টারলিং ফিফটি পেলেও মোমিনুল পাঁচ রানের জন্য হাফ সেঞ্চুরি পাননি। অধিনায়ক মুশফিকের ব্যাট থেকে এসেছে ১৩ রান। তাতেই সিলেটের সংগ্রহ দাঁড়ায় ১৭৫।
আজ বিপিএলের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুরে দুরন্ত রাজশাহী খেলবে চিটাগাং কিংসের বিপক্ষে। সন্ধ্যায় খেলবে ঢাকা গ্ল্যাডিয়েটরস ও রংপুর রাইডার্স।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট রয়েলস-২০ ওভারে ১৭৫/৭ (ষ্টারলিং ৫০, মোমিনুল ৪৫, মাসাকাজ্জা ১৯, মুশফিক ১৩, চিগুম্বুরা ১৩, সোহাগ অপ: ১১, কাপালি ২/২০, কবির ২/৩৮, নাজমুল ১/২৪)।
বরিশাল বার্নার্স-২০ ওভারে ১৪২/৯ (কবির ৫০, মাষ্টার্ড ২২, মাহমুদুল ২০, শুভগত ১৩, শুভ ৩/২৩, নবি ২/১৫)।
ম্যান অব দ্য ম্যাচ: পল ষ্টারলিং
ফল: সিলেট রয়েলস জয়ী ৩৩ রানে।
