‘পিপার স্প্রে’ আন্তর্জাতিক কনভেনশনে অনুমোদিত দমন উপকরণ :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ২২:১৩
সম্প্র্রতি পুলিশ কর্তৃক বিভিন্ন দলের কর্মসূচি চলাকালে ‘পিপার স্প্র্রে’ ব্যবহার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘অবৈধ সমাবেশ দমনে সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক কনভেনশনে অনুমোদিত যে সমস্ত উপকরণ ব্যবহার করা হয়ে থাকে, সেসব উপকরণের মধ্যে এটি একটি। কাজেই এ উপকরণ সম্পর্কে কোনো মত দেয়ার অধিকার কারো নেই।’ গতকাল শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মিলনায়তনে নবীনবরণ, কৃতী-শিক্ষার্থী সংবর্ধনা এবং বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মনে রাখতে হবে—আমরা অবৈধ সমাবেশ ও নৈরাজ্য দমন করার স্বার্থে ‘পিপার স্প্র্রে’ ব্যবহার করি। যখন নৈরাজ্য বন্ধ করার জন্য নিরাপত্তাকর্মীরা মাঠে যান, তখন অবৈধ সমাবেশ দমন করতে পুলিশ ফুলের মালা নিয়ে যাবে না, বরং দমনের উপকরণ নিয়েই যাবে।” অনুষ্ঠানে কলেজের পরিচালনা কমিটির সভাপতি শিক্ষাবিদ ড. মুনতাসির মামুুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক যুগ্ম সচিব মো. রফিকুল ইসলাম, কলেজ অধ্যক্ষ মো. জালাল চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া প্রমুখ।