এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা আগামী তিনমাসের জন্য আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন। এ দাবির ব্যাপারে গতকাল শুক্রবার শিক্ষামন্ত্রীর বিবেচনার আশ্বাস পেয়ে কর্মসূচি স্থগিত করেছেন তারা। মিন্টু রোডে শিক্ষামন্ত্রীর বাসভবনে গতকাল বিকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আন্দোলনরত শিক্ষকদের নেতা ঐক্যজোটের সভাপতি এশারাত আলী বলেন, মন্ত্রীর সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিন মাসের মধ্যে তিনি আমাদের বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। আমাদের বিশ্বাস, এমপিও নিয়ে সরকার আন্তরিক। তাই কর্মসূচি তিন মাসের জন্য স্থগিত করছি। বৈঠকের পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা শিক্ষকদের সঙ্গে সব বিষয়ে কথা বলেছি। তারাও আমাদের কথা শুনেছেন। আমরা তিন মাস পরে আবার বসব এবং বিষয়গুলো পর্যালোচনা করব। আমি তাদের বাড়ি ফিরে যেতে অনুরোধ করেছি। তারা বাড়ি ফিরে যাবেন। আলোচনার ভিত্তিতে তারা কর্মসূচি প্রত্যাহার করেছেন।
এর আগে গতকাল বিকাল ৩ টায় শিক্ষক নেতা এশারাত আলীর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করেন। বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, আগামী ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা। এ পরীক্ষা কার্যক্রম যাতে বিঘ্নিত না হয় সে বিষয়টি সামনে রেখে আন্দোলনরত শিক্ষকদের সাথে বৈঠকে বসলেন শিক্ষামন্ত্রী।
উল্লেখ্য, স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করাসহ ৪ দফা দাবিতে ৭ জানুয়ারি থেকে কর্মসূচি পালন করে আসছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। তবে প্রথম দিন থেকেই শিক্ষক-কর্মচারীদের কর্মসূচিতে বাধা দিয়ে আসছে পুলিশ।
১৭ জানুয়ারি বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন শিক্ষক নেতারা। স্পিকার সাথে এক ঘণ্টা বৈঠক করেন তারা। শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের ঘটনার বিবরণ শুনে তিনি তাদের আশ্বস্ত করে বলেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে নন-এমপিও শিক্ষকদের দাবির ব্যাপারে সুপারিশ করবেন। এরপর গতকাল সর্বশেষ বৈঠক হয় শিক্ষামন্ত্রীর সঙ্গে।
