গাইবান্ধার গোবিন্দগঞ্জ, টাঙ্গাইলের মির্জাপুর এবং কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন।
গোবিন্দগঞ্জ সংবাদদাতা জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে শুক্রবার দুপুরে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় শিশু ও মহিলাসহ ২ জন নিহত হয়। দুপুরে মহিমাগঞ্জ-সোনাতলা সড়কের জীবনপুর নামক স্থানে ভটভটির চাকায় পিষ্ট হয়ে আল-আমিন নামে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। সে জীবনপুর গ্রামের সাহাবুল ইসলামের পুত্র। স্থানীয় জনতা ভটভটি ও চালককে আটক করে।
অপরদিকে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট-শীতলগ্রাম সড়কে শীতলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় বেপরোয়া গতিতে চলা অজ্ঞাতনামা একটি মটর সাইকেলের ধাক্কায় নাছিরন বেওয়া (৭০) নামের এক মহিলার মৃত্যু হয়। নিহত নাছিরন বেওয়া শীতলগ্রামের মৃত আবদুল কুদ্দুস-এর স্ত্রী বলে জানা গেছে।
মির্জাপুর(টাঙ্গাইল)সংবাদদাতা জানান, যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে একজন নিহত এবং শিশু ও মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই-সখীপুর রোডের হাঁটুভাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের নাম দুলাল চন্দ্র মণ্ডল(৪৫),পিতা-সহদেব মণ্ডল,বাড়ি মির্জাপুর উপজেলার সুতানরী গ্রামে।
আহত যাত্রীরা অভিযোগ করেন, অতিরিক্ত যাত্রী নিয়ে (টাঙ্গাইল-জ-০২-০০৪৮) বাসটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। চালকের গাফিলতির কারণে উক্তস্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেল্লাল হোসেন ও মাজেদা বেগমের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। থানায় মামলা হয়েছে বলে পুলিশ অফিসার মনির উদ্দিন মুন্সী জানিয়েছেন।
চকরিয়া(কক্সবাজার)সংবাদদাতা জানান,কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী হাইয়েচ মাইক্রোবাস ও বালুভর্তি একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন মাইক্রো চালক আবু তাহের (৩৫)। এসময় আহত হয়েছেন ৬ জন যাত্রী। গতকাল শুক্রবার সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হারবাং ষ্টেশন এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওইদিন সকাল ৬টার দিকে সিলেট থেকে বালুভর্তি করে একটি ট্রাক কক্সবাজার অভিমুখে ফিরছিল। ওই সময় গাড়িটি হারবাং ষ্টেশন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অপর একটি হাইয়েচ মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে মাইক্রোবাসের সামনের অংশ ধুমড়ে মুচড়ে গিয়ে চালকের প্রাণহানি ঘটে। উপজেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ কর্মকর্তা নিজাম উদ্দিন জানিয়েছেন, নিহত চালক আবু তাহের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের আমির হামজার ছেলে।
