ভারতের কংগ্রেস দলের নেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, পাকিস্তানের সঙ্গে আলোচনা হবে কিনা সেটা নির্ভর করছে পাকিস্তানের আচরণের ওপর। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বলেছেন, সীমান্তের নিয়ন্ত্রণ রেখার ঘটনা দুই দেশের শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে না। খবর এনডিটিভির।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ভারতকে আলোচনায় বসার আহবান জানানোর পর সোনিয়া গান্ধী এ মন্তব্য করেন। এর আগে ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন, পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চলতে পারে না। তিনি তার দেশের দুই সৈন্য নিহত হওয়ার ঘটনায় জড়িতদের পাকিস্তান শাস্তি দিবে বলেও উল্লেখ করেছিলেন। তবে পাকিস্তান সৈন্য হত্যার বিষয়টি অস্বীকার করে আসছে। ভারত এখনো হিনা রাব্বানির আহবানে সাড়া দেয়নি। তবে সালমান খুরশিদ গতকাল শুক্রবার জানিয়েছেন, ভারত ইতিবাচক সাড়া দিবে। ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সালমান বাশির বলেছেন, দুই দেশের উচিত সীমান্তরেখায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা। আর এজন্য আলোচনাই একমাত্র পথ।
