শেষ হল রাঙ্গামাটির প্রথম পার্বত্য উদ্যোক্তা মেলা

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ২২:১৮
পার্বত্য এলাকায় ক্ষুদ্র শিল্প স্থাপনে স্থানীয় উদ্যোক্তাদের ৫ কোটি টাকার ঋণ সহায়তার মাধ্যমে গতকাল শুক্রবার রাঙ্গামাটিতে শেষ হল প্রথম পার্বত্য উদ্যোক্তা মেলা। রাঙ্গামাটি জিমনেশিয়াম প্রাঙ্গণে মেলার সমাপনী অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার সরকারি ও বেসরকারি ২৩টি ব্যাংকের ও আর্থিক প্রতিষ্ঠানের দেয়া ঋণের চেক উদ্যোক্তাদের হাতে তুলে দেন। রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের প্রধান সুকোমল সিংহ চৌধুরী ও বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম। পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য এলাকায় ভারী শিল্প কারখানা গড়ে না উঠায় এখানকার মানুষ অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে। কৃষিতে প্রচুর সম্ভাবনা সত্ত্বেও আর্থিক সংকটের কারণে এ সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না। তিনি ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংকের এসএমই উদ্যোগকে আরো সমপ্রসারণের আহবান জানান। বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের প্রধান সুকোমল সিংহ চৌধুরী বলেন, স্থানীয় উদ্যোক্তাদের সংঘটিত হয়ে এসএমই ঋণ গ্রহণের জন্য সরকারি ও বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় রাখতে হবে। পার্বত্য এলাকার উদ্যোক্তারা যাতে সহজে এ ঋণ সুবিধা পেতে পারে তার জন্য ব্যাংকার ও উদ্যোক্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। এ কমিটির মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের সব রকম সহায়তা দেয়া হবে।