খালেদা জিয়া রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছেন :সুরঞ্জিত

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ২২:১৯
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, গত ৪ জানুয়ারি খালেদা জিয়া জামায়াতের হরতালে নৈতিক সমর্থন দিয়ে এদেশে রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছেন। এজন্য জাতি তাকে কখনো ক্ষমা করবে না। সারা বিশ্বের মানুষ অবাক হয়ে দেখেছে, রাস্তায় গাড়ি জ্বালিয়ে, বোমা ফাটিয়ে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালিয়ে স্বাধীনতা বিরোধী চক্র কিভাবে উল্লাস করেছে। গতকাল শুক্রবার দিরাই উপজেলা গণমিলনায়তনে পৌর মেয়র আজিজুর রহমানের ব্যক্তিগত তহবিল থেকে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, পাকিস্তানি হায়েনাদের হাত থেকে আত্মরক্ষার জন্য এদেশের মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। তিনি ছিলেন বিশাল হূদয়ের অধিকারী; তাই যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দিলেও তারা তাকে ক্ষমা করেনি। মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ শামছুল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলতাব উদ্দিন, পৌর মেয়র আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি সিরাজ-উদ-দৌলা তালুকদার ও আওয়ামী লীগ নেতা মোশারফ মিয়া।