গণিত
মো.তরিকুল ইসলাম সজিব
প্রধান শিক্ষক
মাসকট হাইস্কুল, ঢাকা
প্রিয় এস এস সি পরীক্ষার্থী,
আজ আমি তোমাদের সাধারণ গণিত বিষয়ে কিছু কৌশল জানানোর চেষ্টা করব। সাধারণ গণিত বিষয়ে বীজগণিত, উপপাদ্য, সম্পাদ্য, ত্রিকোনোমিতি এবং পরিমিতি থেকে প্রশ্ন থাকে। এক্ষেত্রে তোমাদের বলব যে অধ্যায় (টেক্স) ভাল লাগে প্রথমে সেই অধ্যায়ের উত্তর দিবে।
জ্যামিতির উত্তর করার সময় খাতার বামপাশের পৃষ্ঠায় শুরু করলে ভাল হয়। বামপাশের পৃষ্ঠায় শেষ না হলে ডান পাশের পৃষ্ঠায় লেখা যাবে। অন্যথায় পরের পৃষ্ঠায় গেলে আবার চিত্র আঁঁকতে হবে এবং সময় নষ্ট হবে। হাতের লেখা দ্রুত হলে সাধারণ নির্বচন লিখতে পারলে ভাল হয়। ত্রিকোনোমিতির সূত্র এবং ত্রিকোনোমিতিক মানগুলো জানা থাকতে হবে। পরিমিতির যে অধ্যায়গুলো করেছো সেই অধ্যায়ের সূত্রগুলো মনে রাখতে হবে। বীজগণিত এর অধ্যায়ে সাধারণত প্রত্যেক প্রশ্নের অথবা প্রশ্ন থাকবে। এক্ষেত্রে প্রশ্নমালার এবং উদাহরণের সমস্যাগুলোর সমাধান করলেই চলবে এক্ষেত্রে কিছু বানানো প্রশ্ন আসলেও উত্তর করতে পারবে।
০ মনে রাখতে হবে ২ নং প্রশ্নের ক্ষেত্রে অতিরিক্ত কোন প্রশ্ন থাকে না। তাই এক্ষেত্রে অতিরিক্ত জোর দিতে হবে। যাতে করে কোন রকম ঝুঁকিপূর্ণ না হয়। বীজগণিতের, উপপাদ্য এর ক্ষেত্রে বিভিন্ন প্রতিজ্ঞা এবং সর্বসমতার, ত্রিকোনোমিতির এবং পরিমিতির সূত্রগুলো অবসর সময়ে রিভিশন করবে।
অর্থনীতি
অর্থনীতি পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো টাইম ম্যানেজমেন্ট। ছোট-বড় মিলিয়ে তোমাদের ১০টি প্রশ্নের উত্তর লিখতে হবে। বড় প্রশ্নের উত্তর লেখার জন্য ৪ x ২০=৮০ মিনিট ও ছোট ৬টি প্রশ্নের জন্য ৫x৬=৩০ মিনিট আর বাকি সময়টুকু রাখবে রিভিশন করার জন্য।
বড় প্রশ্নের উত্তর লেখার সময় পাঠ্যবইয়ের প্রতিটি পয়েন্ট আলোচনা করবে এবং পরিসংখ্যানগত তথ্য (যদি থাকে) অবশ্যই দেবে। বড় প্রশ্নের উত্তর প্রথমে লিখ। উত্তর লেখার সময় সংশ্লিষ্ট চিত্র অবশ্যই দেবে।
নৈর্ব্যক্তিক অংশের জন্য প্রতিদিন ১-২টি করে টেস্ট পেপারস প্রশ্ন সমাধান করবে। তবে অবশ্যই উত্তর পাঠ্য বই দেখে মেলাবে। এভাবে প্রতিদিন অনুশীলন করলে দেখবে একটি নৈর্ব্যক্তিক প্রশ্ন শেষ করতে তোমাদের সময় ধীরে ধীরে কম লাগবে এবং উত্তরটি মনে গেঁথে থাকবে। প্রশ্নের ধারার অনেক পরিবর্তন হয়েছে। কাজেই পাঠ্যবই সম্পর্কে ভাল ধারণা থাকার পাশাপাশি নিয়মিত অনুশীলন প্রয়োজন।
পৌরনীতি
পৌরনীতিতে বেশি লিখেও নম্বর পাওয়া যায় না। এ রকম অভিযোগ অনেক শিক্ষার্থীই করে থাকে। এটা ঠিক নয়। পরীক্ষার্থী যদি ঠিকমতো প্রশ্নের উত্তর লিখতে পারে, তবে নম্বর পাবে না কেন? পৌরনীতি একটি তথ্যনির্ভর বিষয়। এতে বিভিন্ন বিষয়ে তথ্য, সংখ্যা থাকে। এগুলো ভালভাবে আয়ত্ত করতে হবে। শিক্ষার্থীরা সাধারণত to the point-এ উত্তর দিতে পারে না বলে নম্বর কম পায়। এ দিকে লক্ষ্য রাখতে হবে।
