যাত্রী বহনকারী বিমান তৈরির ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর একটি হিসেবেই স্বীকৃত বোয়িং। আর গেল কয়েক মাসে নানা দুর্ঘটনার কারণে বোয়িং এর যে ফ্ল্যাগশিপ বিমানটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সেটি হলো ৭৮৭ ড্রিমলাইনার। সম্প্রতি জাপান এয়ারলাইন্সের এ ধরনের একটি বিমানের দুর্ঘটনায় পতিত হওয়ার সূত্র ধরে আমেরিকার ফেডারেল এভিয়েশন অথোরিটি এ ধরনের সকল বিমানের উড্ডয়ন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করার ঘোষণা দিয়েছে। এ ধরনের পে¬ন এর অভ্যন্তরে থাকা লিথিয়াম আয়ন ব্যাটারির কারণে ড্রিমলাইনারের একাধিক দুর্ঘটনাগুলো ঘটছে কি না তা তদন্ত করে দেখবে প্রতিষ্ঠানটি। তবে অবাক করার মতো বিষয় হলো, সাম্প্রতিক সময়ে একাধিক দুর্ঘটনা ও ত্রুটির অভিযোগে আলোচিত হলেও বিমান পরিবহনের ইতিহাসে এই ড্রিমলাইনারই কিন্তু ছিল সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া বিমান। ২০০৪ সালের এপ্রিলে যাত্রা শুরুর পর থেকে ২০০৭ সালের ৮ জুনের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের বিমান পরিবহন সংস্থার কাছে এ ধরনের ৬৭৭টি বিমান এর জন্য অর্ডার পায় বোয়িং যা ২০১০-এর সেপ্টেম্বরে বেড়ে দাঁড়ায় ৮৪৬টিতে।
