নকিয়া লুমিয়া ৮২০’র কেসিং ডিজাইনের কিট অবমুক্ত

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৩, ১৯:৫৬
আধুনিক সব স্মার্টফোন বিভিন্ন ফিচারের দিক থেকে যেমন সমৃদ্ধ, তেমনি ডিজাইনের দিকটাতেও বিশেষ মনোযোগ দিয়ে থাকে স্মার্টফোন প্রস্তুতকারকরা। তাই আধুনিক কনফিগারেশনের সাথে সাথে ডিজাইনের দিকেও নজর থাকে প্রযুক্তিপ্রেমীদের। তবে স্মার্টফোন নির্মাতাদের বাইরেও প্রচুর প্রতিষ্ঠান রয়েছে যেগুলো বিভিন্ন ডিজাইনের স্মার্টফোন, ট্যাবলেট পিসি বা অন্যান্য প্রযুক্তি পণ্যের কেসিং ডিজাইন করে থাকে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, ফ্যাশনপ্রিয়রা কেসিংয়ের জন্য অনেক সময়েই ফোনের সমপরিমাণ টাকাও খরচ করে থাকে। তবে এবারে নকিয়ার স্মার্টফোন লুমিয়া ৮২০-এর জন্য নিজের পছন্দমতো কেসিং ডিজাইনের সুযোগ করে দিয়েছে নির্মাতা নকিয়া। আর সেই সুযোগ দিতেই তারা অবমুক্ত করেছে বিশেষ এক ধরনের ত্রিমাত্রিক কিট যার মাধ্যমে ত্রিমাত্রিক প্রিন্টার ব্যবহার করে নিজের ডিজাইনের লুমিয়া ৮২০ কেসিং তৈরি করে নেওয়া যাবে। গত বছরের সেপ্টেম্বর মাসে নকিয়া বাজারে নিয়ে আসে লুমিয়া ৮২০ স্মার্টফোন। বাজারে ভালো একটা অবস্থান তৈরি করতেও সমর্থ হয় এই লুমিয়া সিরিজের ফোনটি। এবারে এই ফোনের জন্য কেসিং ডিজাইনের সুযোগ তৈরি করে দিয়ে নকিয়া প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণক হলো যারা প্রত্যক্ষভাবে ত্রিমাত্রিক প্রিন্টিং প্রযুক্তিকে সকলের ব্যবহারের জন্য উত্সাহিত করছে। নকিয়ার ব্যবস্থাপক জন নিল্যান্ড এক ব্লগপোস্টে নকিয়ার এই সিদ্ধান্ত সম্পর্কে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, নকিয়ার লুমিয়া ৮২০ স্মার্টফোনের কেসিংটি পরিবর্তনযোগ্য। নকিয়া নিজেই বিভিন্ন ডিজাইনে এর জন্য কেসিং তৈরি করে বাজারজাত করছে। এসব কেসিংয়ে নকশা বা রঙের ব্যবহার যেমন রয়েছে, তেমনি ধুলা-বালি বা আঘাত থেকে রক্ষা করার মতো ফিচারও ব্যবহার করা হয়েছে। ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা রয়েছে এসব কেসিংয়ে। ত্রিমাত্রিক প্রিন্টিং ফিচারটি নিয়ে তিনি জানান, ‘আমরাই প্রথম কেসিং তৈরির জন্য ত্রিমাত্রিক টেমপ্লেট অবমুক্ত করলাম। এতে ডিজাইন টেমপ্লেটের পাশাপাশি রয়েছে কেসের জন্য স্পেসিফিকেশন, কেসিং তৈরির প্রয়োজনীয় কাচামাল প্রভৃতি। লুমিয়া ৮২০-এর কেসিং থ্রিডি প্রিন্টারে তৈরির জন্য যা যা প্রয়োজন, তার সবই পাওয়া যাবে এই কিটে।’ নিল্যান্ড জানান, ব্যবহারকারীদের মধ্যে কেসিংয়ের ডিজাইন নিয়ে চাহিদা একেকজনের মধ্যে একেক রকম হবে, এটাই স্বাভাবিক। সকলের জন্য আলাদা আলাদা করে কেসিং তৈরি করাটা কঠিন বিষয়। নকিয়ার এই উদ্যোগটি সেই কঠিন কাজটিকেই সহজ করে দিতে পারে। নকিয়ার এই উদ্যোগকে ইতোমধ্যেই স্বাগত জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকরা। তবে ত্রািমত্রিক প্রিন্টিং এখনও সর্বত্র সহজলভ্য না হওয়ায় এই প্রকল্প কতটা বাস্তবসম্মত, তা নিয়েও প্রশ্ন রয়েছে তাদের মনে। তবে শেষ পর্যন্ত কেসিং তৈরিতে ত্রিমাত্রিক প্রিন্টিং প্রযুক্তি ব্যবহারের এই উদ্যোগ প্রযুক্তি বিশ্বে বিশেষ এক সংযোজন হয়ে থাকবে বলেই মন্তব্য প্রযুক্তি বিশ্লেষকদের।