গোবিন্দগঞ্জে জামায়াতের জেলা আমীরসহ ৩০ নেতাকর্মী আটক

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৩, ২০:৫০
গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটি বাড়িতে গোপন বৈঠক করার সময় গাইবান্ধা জেলা জামায়াতের আমীর ডা. আব্দুর রহীম, জেলা কর্মপরিষদ সদস্য নূরুন্নবী ও গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আবুল হোসেনসহ ৩০ জন নেতাকর্মীকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ আটক করেছে। শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া-চেরাগাড়ী গ্রামে গোবিন্দগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুল মান্নানের বাড়িতে গোপন বৈঠক করার সময় পুলিশ তাদের আটক করে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ দেলোয়ার হোসেন বলেন, জামায়াত নেতাকর্মীরা তারা বাড়িতে গোপন বৈঠক করার সময় এলাকাবাসী তাদের ঘিরে ফেলে গোবিন্দগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা দুই ঘণ্টার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ওই বাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ জেহাদি বই ও ক্যালেন্ডার উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার চক্রান্তে তারা এ গোপন বৈঠক করছিল।