এগিয়ে চলেছেন মারে-ফেদেরার

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৩, ২১:৩০
নিজের দ্বিতীয় গ্রান্ডস্লাম শিরোপার দিকে এগিয়ে চলা অ্যান্ডি মারে পৌঁছে গেছেন চলমান অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে। অস্ট্রেলিয়ান ওপেনে শীর্ষ বাছাইদের মধ্যে প্রত্যাশিত জয় পেয়েছেন রজার ফেদেরার, ভেনাস উইলিয়ামস এবং ভিক্টোরিয়া আজারেঙ্কা। তবে টুর্নামেন্টের এখন পর্যন্ত সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়ে হেরে গেছেন ষষ্ঠ বাছাই হুয়ান মার্টিন দেল পোত্রো। মারে গ্রান্ডস্লাম এককে টানা ১৯তম বারের মতো চতুর্থ রাউন্ড নিশ্চিত করতে গিয়ে গতকাল শনিবার তৃতীয় রাউন্ডে লিথুনিয়ার রিচার্ড বার্নাকিচকে হারান ৬-৩, ৬-৪, ৭-৫ গেমে। ব্রিটিশদের ৭৬ বছরের গ্রান্ডস্ল্যাম খরা ঘোচানো মারে চতুর্থ রাউন্ডে মুখোমুখি হবেন ফরাসি গিলস সাইমন অথবা গায়েল মনফিলসের কোন একজনের। মেলবোর্ন পার্কের দর্শকদের হতাশায় ডুবিয়ে দিয়ে ফেদেরার ‘লোকাল হিরো’ বার্নার্ড টমিচকে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেন। ১৭টি গ্রান্ডস্লাম শিরোপার মালিক এই সুইস ৬-৪, ৭-৬, ৬-১ গেমে হারান টমিচকে। জয় পেয়েছেন সপ্তম বাছাই জো উইলফ্রেড সোঙ্গাও। ব্লাজ ক্যাভচিচকে তিনি হারান ৬-২, ৬-১, ৬-৪ গেমে। ফেভারিটদের জয়ের দিনে পরাজয় মেনে নিয়ে কোর্ট ছাড়তে হয়েছে ষষ্ঠ বাছাই আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রোকে। ছয় ফুট ছয় ইঞ্চি উচ্চতার এই খেলোয়াড় তৃতীয় রাউন্ডে ৩-৬, ৩-৬, ৭-৬ (৭-৩), ৬-৩, ৩-৬ গেমের ম্যারাথন এক ম্যাচে হেরে যান ফ্রান্সের জেরেমি চার্ডির বিরুদ্ধে। এদিকে মহিলা এককে মুখোমুখি হতে চলেছেন টুর্নামেন্টের দুই ফেভারিট প্রথম নাম্বার বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং তৃতীয় বাছাই সেরেনা উইলিয়ামস। তৃতীয় রাউন্ডে আজারেঙ্কা-সেরেনা নিজ নিজ খেলায় জয় পেয়েছেন। চতুর্থ রাউন্ডে পা রেখেছেন ক্যারোলিন ওজনিয়াকিও। লেসিয়া সারেঙ্কোকে ৬-৪, ৬-৩ সেটে পরাজিত করেন তিনি। সবচেয়ে বেশি বয়সে অস্ট্রেলিয়ান ওপেনে সিঙ্গলস ম্যাচ জেতা জাপানের দাতে ক্রুমের স্বপ্ন যাত্রার পরিসমাপ্তি হয়েছে তৃতীয় রাউন্ডে এসে। ৪২ বছর বয়সী এই খেলোয়াড় ৬-২, ৭-৬ (৭-৩) সেটে হেরে গেছেন সার্বিয়ার বোজানা জোভানোভোস্কির কাছে।