চ্যালেঞ্জ নিচ্ছেন মিসবাহ

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৩, ২১:৩৪
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে এবং টেস্ট সিরিজ তার অধিনায়কত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে স্বীকার করেছেন পাকিস্তানের মিসবাহ উল হক। তবে প্রোটিয়াসদের হারানোর ক্ষমতা তার দলের আছে বলেও জানান তিনি। মিসবাহ বলেন, ‘আমার খেলোয়াড়ী জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দক্ষিণ আফ্রিকায় আগামী সিরিজ। তবে টেস্ট সিরিজে আমরা দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারি সে বিষয়ে আমি আত্মবিশ্বাসী। তিনি আরো বলেন, ‘গত বছর সংযুক্ত আরব আমিরাত ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার সময় জনগণ আমাদেরকে হিসেবে ধরেনি। কিন্তু আমরা সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলাম। আমাদের সফলতার অন্তনিহিত বিষয় ছিল আমাদের টিম স্পিরিট এবং গত কয়েক বছরে আমাদের দলগত ঐক্য।’ দক্ষিণ আফ্রিকা সফরে অনেক কিছুই ব্যাটসম্যানদের উপর নির্ভর করবে বলে মন্তব্য করেন মিসবাহ। মিসবাহ বলেন, ‘দক্ষিণ আফ্রিকাকে হারানোর মত ক্ষমতা আমাদের আছে। তবে আমাদের ব্যাটসম্যানদের জেগে উঠতে হবে, ভাল খেলতে হবে। আমি জানি এমনকি দক্ষিণ আফ্রিকার মত ভিন্ন কন্ডিশনের উইকেটেও টিকে থাকার মত দু-তিনজন ব্যাটসম্যান আমাদের দলে আছে।’ ব্যাটসম্যানরা ভাল একটা সংগ্রহ এনে দিতে পারলে দলের বোলাররা তা কাজে লাগাতে পারবে বলে জানান মিসবাহ। গত তিন বছরে পাকিস্তান দল দক্ষিণ এশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতেই অধিকাংশ ম্যাচ খেলায় দক্ষিণ আফ্রিকা সফর অধিকতর চ্যালেঞ্জিং হবে বলে উল্লে¬খ করেন ৩৮ বছর বয়সী এ অধিনায়ক। তিনি বলেন, ‘২০১০ সালে ইংল্যান্ডে খেলার পর আমরা কেবলমাত্র নিউজিল্যান্ড সফর করেছি। এছাড়া আমরা সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ এশিয়ায় খেলেছি। সুতরাং দক্ষিণ আফ্রিকায় ভাল খেলা প্রমাণ করাটা আমাদের জন্য বিশেষ কিছু।’ দুই মাসের দক্ষিণ আফ্রিকা সফরে আগামী রোববার ১৬ সদস্যের পাকিস্তান দল দেশ ত্যাগ করবে। জোহানেসবার্গে ১ ফেব্রুয়ারির ম্যাচ দিয়ে শুরু হবে তিন টেস্টের সিরিজ। ২০০৭ সালের পর প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকা সফর করছে পাকিস্তান। স্পিনাররা সামপ্রতিক সময়ে সিরিজগুলোকে দলের জয়ে মূল ভূমিকা রেখেছে বলে মনে করছেন মিসবাহ। দক্ষিণ আফ্রিকা সফরে পেস বোলাররা তাদের সক্ষমতার প্রমাণ দেবে। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার পিচগুলোতে উমর গুল এবং জুনায়েদ খানের মত পেসারদের সামলানোটা কঠিন হবে বলে আমি বিশ্বাস করি। এবং তাদের যথাযথ সহায়তা দেয়ার জন্য রয়েছে সাইদ আজমলের মত বিশ্বমানের স্পিনার। শক্তিশালী দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের পরীক্ষা নেয়ার মত বোলার আমাদের আছে।’ কোন বিশেষ ব্যাটসম্যান তার বোলারদের লক্ষ্যবস্তু হবে না বলে জানান মিসবাহ। ‘এটা দলগত খেলা এবং প্রতিপক্ষকে আমরা সব সময় দলগতভাবেই বিচার করি। আমরা এটাকে সেশন বাই সেশন নিয়ে থাকি। আমাদের কাজ হবে আমাদের সেরাটা দেয়া এবং আমরা তা করব।’ নিজের ব্যাটিংয়ের ধরন নিয়ে চলতে থাকা সমালোচনার কারণে কোন চাপ অনুভব করছে না জানিয়ে মিসবাহ বলেন, ‘এ বিষয়ে আমি অভ্যস্ত। কিন্তু দলে আমার একটা ভূমিকা পালন করতে হবে এবং আমি নিশ্চিত যে, আমার ও ইউনিস খানের অভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকা সফরে অনেক কাজে আসবে।’ - বাসস