আর্সেনালেই থাকছেন ওয়ালকট

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৩, ২১:৩৭
কোচ আর্সেন ওয়েঙ্গারের কথায় আশ্বস্ত হয়ে আর্সেনালের সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে অবশেষ রাজী হয়েছেন ইংলিশ উইঙ্গার থিও ওয়ালকট। গত প্রায় এক মাস যাবত্ ওয়ালকটের সাথে ওয়েঙ্গারের এ বিষয়ে আলোচনা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত নিজের পছন্দের জায়গা সেন্টার ফরোয়ার্ডে খেলতে পারার সম্মতি পাওয়ায় আর্সেনালের সাথে নতুন এই চুক্তিতে শুক্রবার নিজের মত দিয়েছেন ২৩ বছর বয়সী ওয়ালকট। আপাতত নতুন এই চুক্তিতে এই মৌসুমের শেষ পর্যন্ত ওয়ালকটকে পেয়েছে আর্সেনাল। কিন্তু গত দুই বছরে রবিন ফন পার্সি, সেস ফ্যাব্রেগাসের মত তারকা খেলোয়াড়রা ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাব ছেড়ে যাওয়ায় ওয়েঙ্গার আশঙ্কা করছেন সাউথহ্যাম্পটনের সাবেক এই খেলোয়াড়ও হয়ত চুক্তি শেষ না হতেই আর্সেনাল ত্যাগ করবেন। তবে নতুন এই চুক্তিতে অত্যন্ত আনন্দিত ওয়ালকট ক্লাবের ওয়েবসাইটে বলেন, ‘আর্সেনালের সাথে নতুন এই চুক্তিতে স্বাক্ষর করতে পেরে আমি খুবই খুশী। যারা আমাকে এ ব্যপারে প্রতিনিয়ত সহযোগিতা করেছে তাদের ধন্যবাদ জানাই। বিশেষ করে ম্যানেজার, ক্লাবের সাথে সংশ্লি¬ষ্ট সবাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার সমর্থকরা।’