শুক্রবার রাতে নগরীর খালিশপুরে সশস্ত্র ডাকাতদল অস্ত্রের মুখে একটি স্বর্ণের দোকান থেকে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুট করেছে। এ সময় ডাকাতদের ছুরিকাঘাত ও বোমায় দোকান মালিক সুবল দত্ত ও এক কর্মচারি আহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত সাড়ে ৭টার দিকে ৬/৭ জনের সশস্ত্র ডাকাত দল একটি মাইক্রোবাসে এসে নগরীর খালিশপুর বিআইডিসি রোডের নিউ ফেন্সি জুয়েলার্সে প্রবেশ করে। ডাকাত দল অস্ত্রের মুখে দোকান মালিক সুবল দত্ত ও তার কর্মচারিকে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও ক্যাশ থেকে নগদ টাকা লুট করে। এ সময় বাধা দিতে গেলে ডাকাতদলের ছুরিকাঘাতে দোকান মালিক সুবল দাস ও তার দোকানের কর্মচারি আহত হন। ডাকাতি চলাকালে ডাকাত দলের উপর্যুপরি বোমা বিস্ফোরণে বিআইডিসি রোড এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ওই এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। ১০/১৫ মিনিট ধরে ডাকাতি শেষে ডাকাতদল ৫০/৬০টি শক্তিশালী হাতবোমা নিক্ষেপ করে মাইক্রোবাসযোগে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। আহত দোকান মালিক ও তার কর্মচারিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খালিশপুর বণিক সমিতির সভাপতি সাইদুর রহমান সাঈদ অভিযোগ করে বলেন, ডাকাতি চলাকালে কিছু দূরে পুলিশ থাকলেও তারা ডাকাতি প্রতিরোধে কোন ব্যবস্থা নেয়নি।
