ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ বলেছেন, সারা দেশের সাড়ে ৩ কোটি ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ আমাকে সভাপতি পদে নির্বাচিত করেছে। আমি যেন স্বচ্ছতা ও সততার সাথে এ দায়িত্ব পালন করতে পারি এ জন্য আপনারা আমাকে দোয়া আশির্বাদ করবেন। যতদিন বেঁচে থাকব শেখ হাসিনার নেতৃত্বে কর্মপরিধি সমপ্রসারিত করব। আপনারা জন্মভূমিতে আমাকে সংবর্ধনা দিয়েছেন। এটা আমার কাছে সবচয়ে বড় ও পরম পাওয়া। কোটালীপাড়া আমার কাছে স্বর্গদোপি গরিয়শি।
শুক্রবার সন্ধ্যায় কোটালীপাড়া শিল্পকলা একাডেমী চত্বরে কোটালীপাড়া উপজেলার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি এ সব কথা বলেন।
বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রতিনিধি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, গোপালগঞ্জ চেম্বারের সভাপতি এডভোকেট কাজী জিন্নাত আলী, কে.এম চাঁদ মিয়া, মাহবুব আলী খান, এডভোকেট সুভাষ চন্দ্র জয়ধর, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র এইচ.এম অহিদুল ইসলাম, গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলী নাঈম খান জিমি প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় কোটালীপাড়া শেখ লুত্ফর রহমান আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ লাল চৌধুরী, গোপালগঞ্জ চেম্বারের সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান মাসুদ, এডভোকেট কাজী মেজবাহ উদ্দিন খোকন, কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল হক, ইউপি চেয়ারম্যান মুন্সি এবাদুল ইসলাম, বণিক সমিতির সভাপতি মানিক সাহা, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।
নির্মল সেনের শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগদান
এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ দুপুর ২টায় কোটালীপাড়া উপজেলার দিঘীরপাড় গ্রামে প্রয়াত সাংবাদিক নির্মল সেনের বাড়িতে গিয়ে তার শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দেন ও পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। তিনি নির্মল সেনের বাড়িতে রক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন।
ঐদিন দুপুরে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ ছিটকীবাড়ি উমাচরণ সার্বজনীন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
কোটালীপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেনুকা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথ সভায় উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, মাইকেল হিরোহিত বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
