কক্সবাজারে আজ সকাল-সন্ধ্যা হরতাল

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৩, ২২:০৩
কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমির ও উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম শাহজালাল চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে আজ রবিবার কক্সবাজার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। বিএনপিসহ ১৮ দলীয় জোট এই হরতালে সমর্থন দিয়েছে। হরতালকে কেন্দ করে নাশকতার আশংকায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। শাহজালাল চৌধুরীকে গত বৃহস্পতিবার রাতে তার উখিয়ার বাসভবন থেকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে আটক করা হলেও পরবর্তীতে তাকে উখিয়ার বৌদ্ধ বিহার ভাঙচুর ও অগ্নিসংযোগ সংক্রান্ত একটি মামলায় সন্দেহজনক আসামি হিসাবে গ্রেফতার দেখানো হয়। কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ আজাদ মিয়া জানান, উখিয়ায় গত ৩০ সেপ্টেম্বর বৌদ্ধ বিহার ভাঙচুর ও অগ্নিসংযোগ সংক্রান্ত একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন শাহজালাল চৌধুরী। দীর্ঘদিন আত্মগোপনে থেকে সমপ্রতি তিনি ওই মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়ে প্রকাশ্যে আসেন। কিন্তু একই ঘটনায় আরো ৬টি মামলা রয়েছে। ওইসব মামলায় অজ্ঞাত আসামির মধ্যে সন্দেহভাজন ব্যক্তি হিসাবে তাকে আবার গ্রেফতার করা হয়েছে। জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল জিএম রহিমুল্লাহ জানান, কোন মামলা ছাড়াই সম্পূর্ণ অন্যায় ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে শাহজালাল চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তাই বাধ্য হয়ে জামায়াতের পক্ষ থেকে হরতাল ডাকা হয়েছে। এদিকে জামায়াতের আজকের হরতালে বিএনপিসহ ১৮ দলীয় জোট সমর্থন দিয়েছে বলে জানান কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও জামায়াত নেতা শাহজালাল চৌধুরীর বড় ভাই শাহজাহান চৌধুরী। অন্যদিকে আজকের হরতালে নাশকতার আশঙ্কায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। হরতালে পুলিশ মারমুখী থাকবে বলে জানা গেছে।