অপহরণের ৫ দিন পর বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র রানা দাসের লাশ শুক্রবার রাত এগারোটার দিকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের দু’দিনের রিমান্ডের প্রথমদিনেই তাদের স্বীকারোক্তি মোতাবেক টরকীর চর এলাকার আসামি সুলতান শরীফের বাড়ির পার্শ্ববর্তী একটি পান বরজের পার্শ্বের ডোবা থেকে রানার লাশ উদ্ধার করা হয়। গতকাল শনিবার প্রধান আসামি কার্তিক ভক্তের বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর করে বিক্ষুব্ধ জনতা।
রানা দাসকে (১৩) গত ১৩ জানুয়ারি বিকেলে কৌশলে স্থানীয় কার্তিক ভক্ত, সুলতান শরীফসহ তাদের সহযোগীরা পাচারের উদ্দেশে অপহরণ করে। ১৪ জানুয়ারি রাতে এ ঘটনায় অপহূতার পিতা কৃষ্ণ দাস বাদী হয়ে কার্তিক ভক্ত, সুলতান শরীফ ও তার স্ত্রী হেনা বেগমকে আসামি করে গৌরনদী থানায় মামলা দায়ের করেন। পুলিশ তাত্ক্ষণিক অভিযান চালিয়ে তিন আসামিকেই গ্রেফতার করে। শুক্রবার আসামিদের রিমান্ডে আনার পর বরিশালের ডিবি পুলিশ ও গৌরনদী থানা পুলিশের যৌথ জিজ্ঞাসাবাদে তারা রানাকে হত্যা করে লাশ গুমের কথা স্বীকার করে।
