পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছে বিরোধী দল। যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান নেয়া যায় ?না। ধানমন্ডিস্থ ওমেন্স ভলেন্টিয়ার এসোসিয়েশন মিলনায়তনে গতকাল শনিবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘যুদ্ধাপরাধীদের বিচার: ২০১৩ এর চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি বরাবরই দাবি করে আসছে যে, তারা যুদ্ধাপরাধীদের বিচার চায়। কিন্তু এরপরও তারা নানাভাবে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সম্প্রতি বিএনপির গণসংযোগ কর্মসূচিতে খালেদা জিয়া বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার আবার নতুন করে শুরু করা না হলে আদালত ঘেরাও করা হবে। তার এ ধরনের বক্তব্যের মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে যে, তিনি যুদ্ধাপরাধীদের বিচারের বিপক্ষে। যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারো ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসার জন্য জনগণের প্রতি আহবান জানিয়ে তিনি আরো বলেন, কোনো বিদেশি শক্তি যুদ্ধাপরাধীদের বিচার রুখতে সরকারকে টলাতে পারবে না। ‘যুদ্ধাপরাধীদের পক্ষ নিলে রক্ষা নেই’ এমন অবস্থানে যাওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার রুখতে মাঠে নেমেছেন। যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত তিনি ১৪ দলের ঐক্য বজায় রাখার আহবান জানান। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, যুদ্ধাপর?াধীদের বিচারের পরিপূর্ণতায় শুধু ট্রাইব্যুনালের রায়ই যথেষ্ট নয়। এজন্য জনগণকে ঐক্যবদ্ধ করতে ১৪ দলীয় জোটে আরও ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।
সাংবাদিক কামাল লোহানীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবীর, মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম প্রমুখ।
