বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করেছেন, উচ্চ হারে কমিশন পেতেই সরকার রাশিয়া থেকে অকেজো অস্ত্র কিনছে। রাশিয়া নিজেও যেসব অস্ত্র ব্যবহার করছে না, সরকারের একটি পক্ষ মোটা অংকের কমিশন পাওয়ার জন্য ঐসব নিম্নমানের অস্ত্র উচ্চ সুদের টাকায় বেশি দামে কিনছে। কী কী শর্তে এসব সমরাস্ত্র কেনা হচ্ছে তা জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন। তিনি বলেন, সংবিধান এসব চুক্তির বিষয়ে জনগণকে জানার অধিকার দিয়েছে। আগামী সংসদ অধিবেশনে এসব চুক্তি উপস্থাপনের দাবি জানান তিনি।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থা’ আয়োজিত ‘প্রতিহিংসার রাজনীতির কারণ ও প্রতিকার’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। ব্যারিস্টার মওদুদ বলেন, আইন বিভাগের দ্বৈতনীতির কারণেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন পাচ্ছেন না। একই কোর্টে একজন বিচারক তাকে জামিন দিলেও অন্যজন তাতে বাধা দিচ্ছেন। তিনি আরও বলেন, সরকারের দুর্নীতি ও অপশাসনে জনগণ এখন অতিষ্ঠ। এ সরকারের পতন সময়ের ব্যাপার।
বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থার সভাপতি আবু আল ইউসুফ খান টিপুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া প্রমুখ।
