রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা দূর করে চিকিত্সার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে গতকাল শনিবার লাঠি হাতে বিক্ষোভ ও হাসপাতাল ঘেরাও কর্মসূচি পালন করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। পরে হাসপাতাল পরিচালকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ১৮ দফা বাস্তবায়নের দাবিতে একটি স্মারকলিপি দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টায় নগরীর সদর হাসপাতাল মোড় থেকে মিছিল শুরু হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়। পরে হাসপাতাল ঘেরাও এবং সমাবেশ কর্মসূচি পালিত হয়। সমাবেশে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক, সিপিবি নেতা আবুল কালাম আজাদ প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা অভিযোগ করেন, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সার নামে অব্যবস্থাপনা চলছে। নানা রোগে আক্রান্ত সাধারণ মানুষ হাসপাতালে চিকিত্সার পরিবর্তে চিকিত্সকদের অমানবিক আচরণের শিকার হচ্ছেন। চিকিত্সকরা নিজেদের স্বার্থে হাসপাতালের কোটি কোটি টাকার সরকারি যন্ত্রাংশ অকেজো করে রেখে রোগীদের প্রাইভেট ক্লিনিকে পাঠাচ্ছেন।
