জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ গতকাল শনিবার এক বিবৃতিতে গাইবান্ধা জেলা জামায়াতের আমীর ডা. আবদুর রহীম সরকারসহ ৩০ নেতাকর্মীকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, সভা-সমাবেশ ও সাংগঠনিক বৈঠক করার অধিকার দেশের সকল নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার। এ অধিকারে কোন সরকার বাধা দিতে পারে না। তিনি গ্রেফতারকৃত উক্ত ৩০ জনকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এদিকে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গতকাল এক বিবৃতিতে ‘পিপার সেপ্র’ ব্যবহারের পক্ষে দেয়া স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, বিরোধী দলের মিছিল, সভা-সমাবেশ পুলিশ দিয়ে ভেংগে দেয়ার জন্য ‘পিপার সেপ্র’ ব্যবহারের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিক। বিবৃতিতে তিনি পিপার সেপ্র, গ্যাস গ্রেনেড ও সাউন্ড গ্রেনেডসহ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যা কিছু তা ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানান।
